রংপুরের চার হত্যার বিচার দাবিতে ধানমন্ডিতে সমাবেশ, ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা
Oplus_131072
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজধানীর ধানমন্ডিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ধানমন্ডি-২৭ এলাকায় আয়োজিত কর্মসূচির শেষ দিকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উপস্থিত ব্যক্তিদের মধ্যে উত্তেজনা ও বাক্বিতণ্ডা তৈরি হয়।
‘সচেতন নাগরিক সমাজ’, ‘সচেতন প্রকৌশলী সমাজ’ ও ‘সচেতন শিক্ষক সমাজ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে রংপুরের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানানো হয়।
সমাবেশের শেষ পর্যায়ে একজন ‘জয় বাংলা’ স্লোগান দিলে সেখানে উপস্থিত কয়েকজন এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ উত্তপ্ত বাক্বিতণ্ডা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে মোহাম্মদপুর থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কয়েকটি ব্যানার জব্দ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলের ভিডিও ও অন্যান্য আলামত পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এর আগে রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ১২ বছর বয়সী ছেলেকে হত্যার ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠার পর মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের বক্তব্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পেছনে ইয়াবা সেবনে বাধা দেওয়ার বিষয়টি রয়েছে। তবে ঘটনাটি নিয়ে আরও তদন্তের দাবি উঠেছে এবং ডিবি বর্তমানে মামলাটি তদন্ত করছে।
ইতি/

আপনার মতামত লিখুন