আ জ ম নাছিরের বিরুদ্ধে ১৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলা
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটির অনুসন্ধানে ক্ষমতার অপব্যবহার, আয়কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আ জ ম নাছিরের নামে ২ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৯১০ টাকার স্থাবর এবং ২৬ কোটি ৩৮ লাখ ১ হাজার ২৮৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। একই সময়ে তাঁর নামে ৬ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৮ টাকার দায়-দেনা ছিল।
দায়-দেনা বাদ দেওয়ার পর তাঁর নিট সম্পদের মূল্য দাঁড়ায় ২২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ১৮৭ টাকা। এর বাইরে পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় করা ১৮ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৬৪৮ টাকা হিসাবের সঙ্গে যুক্ত করে অনুসন্ধানে তাঁর মোট অর্জিত সম্পদের মূল্য নির্ধারণ করা হয় ৪০ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৮৩৫ টাকা।
অন্যদিকে, একই সময়ে তাঁর গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৬ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ২৬৫ টাকা বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। সে হিসাবে গ্রহণযোগ্য আয়ের তুলনায় তাঁর সম্পদের অসংগতিপূর্ণ অংশের পরিমাণ দাঁড়ায় ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকা।
দুদকের অভিযোগ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এসব সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখা হয়েছে।
এ অভিযোগে আ জ ম নাছিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
- ইতি/

আপনার মতামত লিখুন