থানা হাজতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজতখানায় থাকা ১০ আসামির ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেন। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানার হাজতখানায় থাকা কয়েকজন তরুণ বক্তব্য দেওয়ার পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। পরে অন্যরাও এতে যোগ দেন। ভিডিওটি একটি ফেসবুক পেজে প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
পুলিশ জানায়, গত শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১০ জনকে আটক করা হয়। পরে তাঁদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তাঁরা হলেন ফেরদৌস, আবরার আহমেদ, ইয়াসিন, রাব্বি, শিমুল ও নয়ন। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া ও ফতুল্লার পঞ্চবটি-বিসিক এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গ্রেপ্তারের পর আসামিদের থানার হাজতখানায় রাখা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁদের একটি মুঠোফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী, সেই সুযোগে তাঁরা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এ ঘটনায় হাজতখানার নিরাপত্তা ও দায়িত্ব পালনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পরে সংশ্লিষ্ট দায়িত্বে থাকা এসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়।
এদিকে গ্রেপ্তার ১০ জনকে রোববার আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে আদালত পুলিশ সূত্রে জানা গেছে।
ইতি/

আপনার মতামত লিখুন