খুঁজুন
, ,

নাশকতা এড়াতে ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে র‌্যাব

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 26 July, 2023, 12:30 pm
নাশকতা এড়াতে ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে র‌্যাব

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে যেকোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানী ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বুধবার (২৬ জুলাই) বিকেলে তিনি এ কথা জানান। খন্দকার আল মঈন বলেন, নিয়মিত পেট্রোলিং ও চেকপোস্ট স্থাপনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার কয়েকটি রাজনৈতিক দল ঢাকায় সমাবেশ করবে। যার প্রেক্ষিতে সার্বিকভাবে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত পেট্রোলিং করবো। চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে র‌্যাব। পাশাপাশি মহাসমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। ঢাকার প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। যাতে কেউ অবৈধ অস্ত্র নিয়ে বা নাশকতা সৃষ্টির মতো কোনো ধরনের কোনো সামগ্রী নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে। তাই চেকপোস্ট স্থাপন করে প্রবেশদ্বারে নিরাপত্তা জোরদার করা হবে।

এদিকে মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয় বা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করে বিএনপি। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদের গেটে পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে চায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। তা ছাড়া আরও বেশ কয়েকটি দল এদিন সমাবেশের অনুমতি চেয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, দলগুলো বিভিন্ন কর্মসূচি ঘিরে আমার সাইবার পেট্রোলিং করবো। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের অপপ্রচারের মাধ্যমে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমাদের নজরদারি থাকবে।

খন্দকার মঈন বলেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে। কিন্তু তারা মানুষের ভোগান্তির বিষয়গুলো বিবেচনায় নিয়ে করলে ভালো হয়। কারণ বন্ধের দিনে এ ধরনের কর্মসূচিতে মানুষের ভোগান্তি কম হয়।

মেসির বিদায়, ‘বিশাল শূন্যতার’ শঙ্কা মার্তিনেজের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Sunday, 4 October, 2026, 2:41 pm
মেসির বিদায়, ‘বিশাল শূন্যতার’ শঙ্কা মার্তিনেজের

লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজ। ছবি: এএফপি

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির সম্ভাব্য বিদায় নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ইন্টার মায়ামির এই মহাতারকা বুট জোড়া তুলে রাখলে আলবিসেলেস্তে দলে এক ‘বিশাল শূন্যতা’ তৈরি হবে বলে স্বীকার করে নিয়েছেন তিনি। একই সঙ্গে অধিনায়কের কাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ে অবদান রাখতে পেরে গর্ব প্রকাশ করেছেন চেলসির এই গোলরক্ষক।

শনিবার (৪ অক্টোবর) রাতে এস্তাদিও মনুমেন্তালে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার পরই মেসির বিদায় নিয়ে আলোচনায় মুখর হন মার্তিনেজ। ২০২২ সালে কাতারে আর্জেন্টিনা অধিনায়কের শিরোপা জয়ের স্বপ্নপূরণে পাশে থাকতে পারাকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন বলে মনে করেন তিনি।

ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, আমি যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেছি, আর সেটা উনিও ভালোভাবেই জানেন। আমরা এ নিয়ে প্রায়ই কথা বলি। সর্বকালের সেরা ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্নপূরণে ভূমিকা রাখতে পারা আমার ক্যারিয়ারের সেরা প্রাপ্তিগুলোর একটি।

 

মেসি-পরবর্তী যুগের কঠিন বাস্তবতা ইতোমধ্যেই ফুটে উঠতে শুরু করেছে আর্জেন্টিনা দলে। অধিনায়কের বিদায়ের বিশাল ধাক্কা স্বীকার করে নিয়ে মার্তিনেজ বলেন, তিনি দল থেকে চলে গেলে এক বিশাল শূন্যতা তৈরি হবে, তবে আমাদের নতুনদের মধ্যে মান মানিয়ে নেওয়ার মতো ব্যক্তিত্ব রয়েছে।

 

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ নিয়ে আবেগপ্রবণ এই শট-স্টপার। তিনি যোগ করেন, আমি এই অনন্য মুহূর্তগুলোর অংশ হতে পেরে গর্বিত। মঙ্গলবারের ম্যাচে তাকে হাসিমুখে দেখতে চাই এবং ম্যাচটি উপভোগ করতে চাই। একসঙ্গে কাটানোর যে অল্প সময় বাকি আছে, আমরা তা স্মরণীয় করে রাখতে চাই।

পোস্টের নিচে নিজের কার্যকারিতাও নতুন করে জানান দিয়েছেন মার্তিনেজ। জাতীয় দলের হয়ে ৬৯ ম্যাচে এটি ছিল তাঁর ৪৫তম ক্লিনশিট। তরুণের অভিষেকের প্রশংসা করে মার্তিনেজ বলেন, গোল না খাওয়া সবসময়ই গুরুত্বপূর্ণ। নিজের খেলায় ধার বজায় রাখতে এটি আমাকে সাহায্য করে। জাতীয় দলের জার্সিতে নতুনদের পারফর্ম করতে দেখা আনন্দের।

কোচ লিওনেল স্কালোনের নিখুঁত মানদণ্ড নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, নতুনরা দ্রুত দলে মানিয়ে নিচ্ছে। স্কালোনি এমনি এমনি কাউকেই সুযোগ দেন না। যারা অনুশীলনে নিজেদের প্রমাণ করে, তাদেরই সুযোগ দেন। জাতীয় দলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সব কৃতিত্ব তরুণদেরই প্রাপ্য।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে খেতাব ধরে রাখতে না পারার চরম মানসিক কষ্টের কথাও প্রকাশ করেছেন মার্তিনেজ। বিশ্বকাপ ফাইনাল হারের কষ্ট কাটিয়ে ওঠা আমার জন্য অত্যন্ত কঠিন ছিল। সেই যন্ত্রণা অনেকদিন তাড়িয়ে বেরিয়েছে। মানসিকভাবে নতুন করে শুরু করতে ক্লাবে ফেরাটাই আমাকে সাহায্য করেছে।

তবে জাতীয় দলের বর্তমান আবহাওয়ায় ফের নতুন শক্তি খুঁজে পেয়েছেন মার্তিনেজ। তিনি বলেন, এখন এখানে এসে নিজেকে বেশ ফুরফুরে মনে হচ্ছে- আমি দারুণ খুশি ও শক্তিতে পরিপূর্ণ।

বুরকিনা ফাসোর বিপক্ষে বিশাল জয়ের পর এখন পুরো আর্জেন্টিনার নজর এস্তাদিও মনুমেন্তালে হতে যাওয়া বেনিনের বিপক্ষে মেসির সম্ভাব্য বিদায়ি ম্যাচের দিকে।

সূত্র: গোলডটকম।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 3 October, 2026, 2:21 am
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা

রাজধানীর ঝিগাতলায় সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তার দাবি জানাতে গিয়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও একটি আবাসিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঝিগাতলার বড় মসজিদ সংলগ্ন এলাকায় সড়কে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতে গেলে ঝিগাতলার একটি আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার ও কয়েকজন কর্মচারী তাদের ওপর হামলা চালান।

ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করা হয়। তাদের মধ্যে একজনের মাথা ফেটে যায়। অন্য দুজনের শরীরেও আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া হামলার সময় এক শিক্ষার্থীর মুঠোফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলার অভিযোগও উঠেছে।

ঘটনাটি ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে একপর্যায়ে তারা ঝিগাতলায় জড়ো হন। পরে রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বড় মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেন।

এ সময় ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

শিক্ষার্থীরা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার বা কর্মচারীদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:15 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

দেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা বিক্রয়মূল্য লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে এসব জ্বালানির দাম ছিল যথাক্রমে ১১৫, ১৩৫, ১৪০ ও ১৪৫ টাকা।

 

আন্তর্জাতিক বাজারের প্রভাবে মূল্য সমন্বয়

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দেশে একই হারে দাম সমন্বয় করা হয়নি বলে জানিয়েছে বিভাগটি।

 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। সে সময় আন্তর্জাতিক বাজারের দরে প্রতি লিটার ডিজেল বিক্রিতে বিপিসির লোকসান হচ্ছিল প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

 

জ্বালানি বিভাগের হিসাব বলছে, নতুন মূল্য সমন্বয়ের ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হতে পারে।

 

পরিবহন ও নিত্যপণ্যের বাজারে প্রভাবের শঙ্কা

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি, সেচ এবং পণ্য পরিবহনের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে নতুন দাম কার্যকরের পর পরিবহন ভাড়া কিংবা পণ্যমূল্য কতটা বাড়বে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

নতুন দাম একনজরে

 

– ডিজেল: ১৩৫ টাকা প্রতি লিটার

– কেরোসিন: ১৫৫ টাকা প্রতি লিটার

– পেট্রোল: ১৬০ টাকা প্রতি লিটার

– অকটেন: ১৬৫ টাকা প্রতি লিটার

ইতি।