এনসিএলে আট বিভাগের ক্রিকেটারদের দেওয়া হবে সবুজ ক্যাপ
আগামী ৩ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম। চার দিনের এই প্রতিযোগিতায় দেশের আটটি বিভাগ অংশ নেবে। আসন্ন আসরকে ঘিরে এরই মধ্যে দলগুলোর কোচিং স্টাফ ও কর্মকর্তাদের তালিকাও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের এনসিএলে যুক্ত হচ্ছে নতুন একটি আনুষ্ঠানিকতা। টেস্ট ক্রিকেটের ঐতিহ্য অনুসরণ করে প্রতিটি বিভাগের ক্রিকেটারকে দেওয়া হবে বিশেষ ‘সবুজ ক্যাপ’। আট বিভাগের জন্য আলাদা নকশায় এসব ক্যাপ প্রস্তুত করা হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিত্বকারী ক্রিকেটাররা নিজ নিজ দলের জন্য নির্ধারিত ক্যাপ পরবেন।
এনসিএলের আট অধিনায়ককেও দেওয়া হবে বিশেষ ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ। আগামী বুধবার আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ বিভাগের সাবেক ক্রিকেটাররা অধিনায়কদের হাতে এই ক্যাপ তুলে দেবেন বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন আলমগীর।
এদিকে টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যে কোচদের তত্ত্বাবধানে দলগুলোর প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। পরবর্তী ধাপে স্কিল ক্যাম্প এবং এরপর আট বিভাগের ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্প আয়োজন করা হবে।
ফিটনেস প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর জাতীয় ফুটবল স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এবারের ফিটনেস পরীক্ষায় গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে রাখা হয়েছে ৭ মিনিটের মধ্যে ১ মাইল বা প্রায় ১ হাজার ৬০০ মিটার দৌড় সম্পন্ন করা।
ক্রিকেটারদের অ্যারোবিক সক্ষমতা ও স্ট্যামিনা যাচাইয়ের জন্য এই মানদণ্ড নির্ধারণ করেছে বিসিবি। নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে এনসিএলে খেলার জন্য বিবেচনা করা হবে না।
ইতি/

আপনার মতামত লিখুন