হংকংকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি শহরে টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং চায়নাকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
এ নিয়ে টানা চার ম্যাচে জয় পেল বাংলাদেশ। চার ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার পুলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে দলটি।
এর আগে চাইনিজ তাইপের বিপক্ষে ৭-০, পাকিস্তানের বিপক্ষে ৫-১ এবং কাজাখস্তানের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ।
হংকংয়ের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে খেলে বাংলাদেশ। নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক শারিকা রিমনের গোলে লিড নেয় দল। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার ফিল্ড গোলে ব্যবধান ২-০ হয়। প্রথমার্ধের শেষ দিকে ২৬ মিনিটে কনা আক্তারের গোলে তিন গোলের ব্যবধান তৈরি করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও তিনবার হংকংয়ের জালে বল পাঠায় বাংলাদেশের খেলোয়াড়েরা। ৩১ মিনিটে মোসাম্মত লিমা গোল করার পর ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আইরিন রিয়া। ম্যাচের ৪৮তম মিনিটে লিমার দ্বিতীয় গোলেই ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
হংকংয়ের বিপক্ষে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আইরিন রিয়া ও মোসাম্মত লিমা। একটি করে গোল করেন শারিকা রিমন ও কনা আক্তার।
গ্রুপ পর্বে চার ম্যাচে বাংলাদেশের গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২। বিপরীতে প্রতিপক্ষের কাছ থেকে মাত্র একটি গোল হজম করেছে দলটি। ব্যক্তিগত গোলের তালিকাতেও বাংলাদেশের খেলোয়াড়েরা এগিয়ে আছেন। শারিকা রিমন ছয়টি এবং আইরিন রিয়া পাঁচটি গোল করেছেন।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় কোয়ার্টার ফাইনালে এলিট পুলের তৃতীয় দলটির মুখোমুখি হবে বাংলাদেশ। জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার যেকোনো একটি দল সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে।
কোয়ার্টার ফাইনালে জয় পেলে সেমিফাইনালে ওঠার পাশাপাশি অনূর্ধ্ব-২১ নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।
ইতি/

আপনার মতামত লিখুন