কোলে নবজাতক, ‘তিন নাম্বার জন ডান’—পরীমণির পোস্ট ঘিরে রহস্য
সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা পরীমণির একটি ছবি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার সকালে প্রকাশ করা ওই ছবিতে অভিনেত্রীর কোলে এক নবজাতককে দেখা যায়। ছবির সঙ্গে দেওয়া পরীমণির সংক্ষিপ্ত ক্যাপশন থেকেই তৈরি হয়েছে নানা প্রশ্ন।
ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, “তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।” এরপর থেকেই ভক্ত ও অনুসারীদের মধ্যে কৌতূহল—তবে কি পরিবারের সদস্যসংখ্যা আরও একজন বাড়ল?
ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে পরিপাটি সাজে বসে আছেন পরীমণি। চোখে রোদচশমা, আর কোলে রয়েছে একটি শিশু। পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে অভিনন্দন ও নানা প্রশ্নে ভরে যায়। অনেকেই শিশুটির পরিচয় জানতে আগ্রহ প্রকাশ করেন।
তবে ছবির সঙ্গে শিশুটির পরিচয় বা তাকে ঘিরে বিস্তারিত কোনো তথ্য দেননি অভিনেত্রী। এ বিষয়ে পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহ দেখাননি। ফলে ছবির পেছনের ঘটনা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরীমণি আগে থেকেই শিশুদের প্রতি তার ভালোবাসার কথা বিভিন্ন সময় জানিয়েছেন। নিজের সন্তানদের পাশাপাশি দত্তক নেওয়া শিশুকন্যাকেও তিনি লালন-পালন করছেন। শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। তাদের বিচ্ছেদের পর সন্তানদের দেখাশোনার দায়িত্ব নিজের হাতেই রেখেছেন অভিনেত্রী।
পরবর্তীতে একটি কন্যাশিশুকেও দত্তক নেন পরীমণি। তার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার পারিবারিক জীবন। কাজের ব্যস্ততার পাশাপাশি সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেও দেখা যায় তাকে।
এদিকে নতুন ছবিতে নবজাতককে কোলে দেখা যাওয়ায় কেউ কেউ ধারণা করছেন, হয়তো আরও একটি শিশুকে দত্তক নিয়েছেন পরীমণি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি।
তাই ‘তিন নাম্বার জন’ বলতে পরীমণি কাকে বোঝাতে চেয়েছেন, সেটি আপাতত অজানাই রয়ে গেছে। অভিনেত্রীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।
ইতি/

আপনার মতামত লিখুন