শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে ব্রিটিশ সরকারের পদক্ষেপ চাইলেন ব্রিটিশ এমপি
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি বন্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের কূটনৈতিক উদ্যোগ চেয়েছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান।
৪ নভেম্বর প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার আগে থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক তৎপরতা শুরু করা প্রয়োজন। গ্রেপ্তার বা সহিংসতা শুরু হওয়ার পর উদ্যোগ নিলে তা দেরি হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত নিবন্ধে ব্ল্যাকম্যান জানান, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে তিনি ও তাঁর কয়েকজন সহকর্মী চিঠি দিয়েছেন। চিঠিতে স্বাধীন বিচারব্যবস্থা, রাজনৈতিক সমঝোতা এবং দলীয় পরিচয় নির্বিশেষে মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
ব্ল্যাকম্যানের মতে, বাংলাদেশে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদেরও নিরপেক্ষ বিচার ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। রাজনৈতিক পরিচয় যেন কারও অপরাধের দায় নির্ধারণের একমাত্র ভিত্তি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।
নিবন্ধে ব্রিটিশ সরকারের কাছে চারটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই এমপি। এর মধ্যে রয়েছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান, অভিযুক্তদের আইনি সুরক্ষা নিশ্চিত করা, স্বাধীন তদন্ত ও পর্যবেক্ষণের ব্যবস্থা এবং বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপের উদ্যোগ।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীন তদন্ত ও আইনানুগ বিচার হওয়া প্রয়োজন। একইভাবে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষেত্রেও ন্যায়বিচার ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
ব্ল্যাকম্যানের প্রস্তাব অনুযায়ী, ব্রিটিশ সরকারের উচিত ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনকে বাংলাদেশের সরকার, জাতিসংঘের মানবাধিকার দপ্তর ও সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া। এ বিষয়ে ব্রিটিশ সরকারের পরিকল্পনা ও সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগের সময়সূচি জানতে লিখিত জবাবও চেয়েছেন তিনি।
নিবন্ধে তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের। তবে রাজনৈতিক সহিংসতা, প্রতিশোধ ও ভীতি প্রদর্শন বন্ধে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বব ব্ল্যাকম্যানের বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক সমঝোতা ও ন্যায়বিচার পরস্পরের বিরোধী নয়। বরং একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক মতভিন্নতার নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি।

আপনার মতামত লিখুন