চকরিয়ায় ইউএনও কার্যালয়সহ পাঁচ স্থানে তালা
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা পরিষদের প্রধান ফটক ও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে এসব ব্যানার টাঙানোর ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে তালা ঝোলানো ও ব্যানার টাঙানোর দৃশ্যসংবলিত দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের প্রধান ফটকের পাশাপাশি চকরিয়া সিটি কলেজ, কাকারা মাধ্যমিক বিদ্যালয়, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় এবং চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টাঙানো হয়।
উপজেলা পরিষদের প্রধান ফটকে টাঙানো ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সর্বাত্মক ছাত্রধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। এতে আয়োজক হিসেবে চকরিয়া পৌরসভা ছাত্রলীগের নাম উল্লেখ করা হয়েছে।
ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনানসহ কয়েকজন রাজনৈতিক নেতার ছবি ব্যবহার করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টাঙানোর খবর পাওয়ার পরপরই সেগুলো খুলে ফেলা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, উপজেলা পরিষদ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফটকে তালা ঝোলানোর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁদের গ্রেপ্তারে অভিযানও চলছে।
এদিকে, সরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়ার ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের ওপর নির্ভর করছে।

আপনার মতামত লিখুন