খুঁজুন
, ,

সাতকানিয়া-লোহাগাড়াকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলার ঘোষণা এমপি মোতালেবের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 14 January, 2024, 12:39 pm
সাতকানিয়া-লোহাগাড়াকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলার ঘোষণা এমপি মোতালেবের

নির্বাচনে পরাজিত হয়ে সাবেক সাংসদ ও তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত মিথ্যাচার শুরু করেছেন জানিয়ে এমএ মোতালেব বলেন, তারা নানা উস্কানীমূলক অসত্য তথ্য দিয়ে প্রশাসনকে উত্তেজিত ও বিব্রত করার অপচেষ্ঠায় নেমেছেন। তারা স্থানীয় সন্ত্রাসীদের মদদ দিচ্ছেন, এ রকম অনেক তথ্য প্রশাসন এবং আমাদের হাতে আছে। তারা আসলে কি করতে চান? তারা দশ বছর এলাকায় নানা অত্যাচার ও জুলুম করেছেন। তাদের সঙ্গে অনেকের অবৈধ লেনদেনের সম্পর্ক আছে, এসব তাদের ব্যক্তিগত ঝামেলা। এসব ঝামেলা থেকে বাঁচতে তারা সব দায় নির্বাচনী চাদরে ঢেকে আমার উপর তুলে দিতে চাইছেন। নিজেদের অপকর্ম ঢাকতে এখন তারা সংবাদ মাধ্যমে অসত্য রিপোর্ট করাতে সচেষ্ট। আমরা দলমত নির্বিশেষে সকল নাগরিকের সহবস্থান নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। নির্বাচনে অনেকেই আমার বিরোধীতা করতে পারেন, এটা তাদের নিজ নিজ অধিকার, আমার বিপক্ষে যারা কাজ করেছেন তাদের বিরুদ্ধেও আমার কোন ক্ষোভ নেই, সুতরাং বৈরীতাও নেই। তাই সবাই মিলে মিশে কাজ করুন, সাতকানিয়া-লোহাগাড়াকে শান্তির জনপদে পরিণত করে মানুষকে উন্নত জীবন যাপন করার সুযোগ করে দিতে চাই।

সাতকানিয়া-লোহাগাড়ায় প্রধান রাস্তাসমূহ মেরামত এবং উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী ১০০ দিনের অগ্রাধিকার কাজের কর্মসূচি ঘোষণা করেছেন

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে মতবিনিময় চট্টগ্রাম-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মোতালেব লিখিত বক্তব্যে এ কথা বলেন।তিনি সাতকানিয়া- লোহাগাড়া উপজেলার পরবর্তী ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

লিখিক বক্তব্যে তিনি আরো বলেন, দ্বাদশ নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম-১৫ আসনের জনগণের জন্য একটি নতুন দিনের সূচনা হয়েছে জানিয়ে এমএ মোতালেব বলেন, আগামী ১০০ দিনে পরবর্তী উন্নয়নমূলক কাজের মাস্টারপ্ল্যান তৈরি করে সাতকানিয়া-লোহাগাড়ায় পিছিয়ে পড়া অবকাঠামোসমূহের উন্নয়ন নিশ্চিত করা হবে। সাতকানিয়া-লোহাগাড়াকে শান্তির জনপদে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছি।
প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কোন পক্ষপাতিত্ব বা শিথিলতা দেখানো যাবে না। আগে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে হবে। সাতকানিয়া-লোহাগাড়াকে আদর্শ বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার জন্য শুরু থেকেই উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, সাতকানিয়া-লোহাগাড়ায় শান্তিপূর্ণ ও সহাবস্থান নিশ্চিত হয়েছে। নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা যাতে না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা ও আইনিব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদি কেউ নির্বাচনোত্তর সহবস্থান বিনষ্ট করে নিজেদের ব্যক্তিগত বা পারিবারিক বিরোধ নির্বাচনের আড়ালে মিটাতে চান, তাদের কোনো দায় আমি নিবো না। পুলিশ প্রশাসনকেও তা পরিস্কার জানিয়ে দিয়েছি ও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করেছি। সাতকানিয়া-লোহাগাড়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক ব্যবসায়ী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সাঁড়াশি অভিযান চালানোর জন্য প্রশাসনকে সঙ্গে নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

বালু মহাল নিয়ে সন্ত্রাসী কমকাণ্ডের লাগাম টানা হবে জানিয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব বলেন, অবৈধ বালু উত্তোলন ও দখলবাজ সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে। অবৈধ বালু উত্তোলন সাতকানিয়া-লোহাগাড়ায় যেকোনো মূল্যে বন্ধ করা হবে। স্বাস্থ্য খাতে স্বচ্ছতা আনার জন্য সরকারী-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক কঠোরভাবে মনিটরিংয়ের আওতায় আনা হবে। কমিউনিটি ক্লিনিকসমূহে সেবার মান বাড়ানো হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের সেতুবন্ধন গড়ে তোলার জন্য দুই উপজেলাতেই নিয়মিত উঠান বৈঠক করা হবে। সাবেক সংসদ সদস্যের প্রতিহিংসার শিকার সকল ভুক্তভোগীদের আইনি সহায়তা ও চিকিৎসা সহায়তা দেয়া হবে। আমাদের সমর্থক অনেক নেতাকর্মী এখনো চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন হাসপাতালে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি আমার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবো। দুর্নীতি ও স্বজনপ্রীতির মূলোৎপাঠন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমপি এমএ মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমান, সদস্য সচিব ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, নির্বাচন পরিচালনা কমিটির সাতকানিয়া অংশের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম -সম্পাদক ফয়েজ আহমদ লিটন, মো. জসিম উদ্দিন, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর লালু, সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে মোহাম্মদ আবু সালেহ, মো. সেলিম, রমজান আলী, জসিম উদ্দিন, রিদুয়ানুল ইসলাম সুমন, মোজাম্মেল হক, সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম সিকদার, আওয়ামী লীগ নেতা নাজিমউদ্দিন, আমির উদ্দিন চৌধুরী, রিদুয়ানুল হক, আলাউদ্দিন মো. সাবের, রফিকুল ইসলাম, মোর্শেদ আলম ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:15 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

দেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা বিক্রয়মূল্য লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে এসব জ্বালানির দাম ছিল যথাক্রমে ১১৫, ১৩৫, ১৪০ ও ১৪৫ টাকা।

 

আন্তর্জাতিক বাজারের প্রভাবে মূল্য সমন্বয়

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দেশে একই হারে দাম সমন্বয় করা হয়নি বলে জানিয়েছে বিভাগটি।

 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। সে সময় আন্তর্জাতিক বাজারের দরে প্রতি লিটার ডিজেল বিক্রিতে বিপিসির লোকসান হচ্ছিল প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

 

জ্বালানি বিভাগের হিসাব বলছে, নতুন মূল্য সমন্বয়ের ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হতে পারে।

 

পরিবহন ও নিত্যপণ্যের বাজারে প্রভাবের শঙ্কা

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি, সেচ এবং পণ্য পরিবহনের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে নতুন দাম কার্যকরের পর পরিবহন ভাড়া কিংবা পণ্যমূল্য কতটা বাড়বে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

নতুন দাম একনজরে

 

– ডিজেল: ১৩৫ টাকা প্রতি লিটার

– কেরোসিন: ১৫৫ টাকা প্রতি লিটার

– পেট্রোল: ১৬০ টাকা প্রতি লিটার

– অকটেন: ১৬৫ টাকা প্রতি লিটার

ইতি।

অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:03 pm
অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

কুমিল্লায় ১৩ বছর বয়সী স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়।

 

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দি দেওয়া তিন আসামি হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান। মামলার অপর আসামি মো. সিয়াম জবানবন্দি দেননি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জবানবন্দি গ্রহণের পর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টিও রয়েছে।

 

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যার অভিযোগ

 

পুলিশের তদন্তে উঠে এসেছে, অপ্রতীমের মায়ের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফোনটি নেওয়ার সময় বাধা দিলে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে পুলিশের দাবি।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিখোঁজের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাইফুল ইসলাম ওরফে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি তার বাসার খাটের তোশকের নিচ থেকে উদ্ধার করা হয়।

 

যেভাবে উদ্ধার হয় অপ্রতীমের মরদেহ

 

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকার গন্ধমতীতে ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়সংলগ্ন একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত অব্যাহত

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান। আদালতে দেওয়া জবানবন্দি, উদ্ধার করা আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ইতি/

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 19 September, 2026, 6:23 pm
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তান থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাসিক আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে নতুন বেতনকাঠামোয়। নতুন বিধান অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ দুই সন্তানের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।

 

অর্থাৎ, কোনো সরকারি চাকরিজীবীর দুই সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হলে তিনি মাসে সর্বোচ্চ ৬ হাজার টাকা ভাতা পাওয়ার সুযোগ পাবেন। তবে দুইয়ের বেশি সন্তান থাকলেও ভাতা দেওয়া হবে সর্বোচ্চ দুই সন্তানের জন্য।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বেতনকাঠামোসংক্রান্ত গেজেটে এ সুবিধার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের ক্ষেত্রে এ ধরনের ভাতা চালুর উদ্যোগ এবারই প্রথম।

 

গেজেটের বিধান অনুযায়ী, একই সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে নেওয়ার সুযোগ থাকবে না। ভাতার অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মা অথবা বাবার ব্যাংক হিসাবে পাঠানো হবে। চাকরিতে থাকা অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধা পাওয়ার সুযোগ রাখবেন।

 

নতুন বেতনকাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখের বেশি পেনশনভোগী সুবিধা পাওয়ার কথা রয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে—এমন পরিবারের সঠিক সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।

 

এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য সরকারের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার (আইবাস++)-এ প্রয়োজনীয় তথ্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

 

ভাতা দেওয়ার আগে সন্তানের প্রতিবন্ধিতা বা বিশেষ চাহিদার বিষয়টি যাচাই করা হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী যে মন্ত্রণালয় বা দপ্তরে কর্মরত, সেখান থেকেই প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হবে।

 

দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক সহায়তার দাবি জানানো হচ্ছিল। নতুন এ সুবিধার মাধ্যমে এসব পরিবারের চিকিৎসা, শিক্ষা, থেরাপি ও পরিচর্যার ব্যয়ে কিছুটা সহায়তা মিলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

তবে ভাতা পেতে কী ধরনের সনদ প্রয়োজন হবে, যোগ্যতা যাচাইয়ের সুনির্দিষ্ট শর্ত কী এবং কীভাবে আবেদন করতে হবে—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরের বিধি ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।

ইতি/