চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৬২ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ দলটির ৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদক সংশ্লিষ্ট ১২ আসামিকে গ্রেপ্তার এবং কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৯ কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়। শনিবার (৭ নভেম্বর) পুলিশ মিডিয়া সেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চাঁদপুর পৌরসভার শ্রীরামদী এলাকায় নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে চাঁদপুর মডেল থানা পুলিশ।
এ ছাড়া চাঁদপুর সদর মডেল থানা এলাকায় ৩১ জন, মতলব উত্তরে ১২ জন, হাজীগঞ্জে ৭ জন, ফরিদগঞ্জে ৬ জন এবং শাহরাস্তিতে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ আসামির কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৯ কিশোরকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার অন্য আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন