ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর। একই সঙ্গে দেশে ফিরলে গ্রেপ্তার বা আরও কঠোর পরিণতির আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার এই ঘোষণাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ এটিকে দলের রাজনৈতিক কার্যক্রম পুনরুজ্জীবনের সম্ভাব্য উদ্যোগ হিসেবে দেখলেও, তাঁর দেশে ফেরা বাস্তবে কতটা সম্ভব হবে তা নিয়ে দলের ভেতরেও অনিশ্চয়তা রয়েছে।
এদিকে তাঁর দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক নয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবিলা করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকেও শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে আইনের মুখোমুখি হওয়ার কথা বলা হয়েছে। জামায়াতে ইসলামীও তাঁর বক্তব্য নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে।
ফলে ডিসেম্বরকে সামনে রেখে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
ইতি/

আপনার মতামত লিখুন