খুঁজুন
, ,

কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের চিরন্তন পরম বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 17 October, 2026, 5:29 am
কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের চিরন্তন পরম বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ

সম্প্রতি গাজীপুরে বকেয়া বেতনের ন্যায্য দাবিতে রাজপথে নামা অসহায় পোশাক শ্রমিকদের ওপর বিএনপির রক্তক্ষয়ী লাঠিচার্জ ও অন্যায় দমন-পীড়ন এবং অন্যদিকে জামায়াত-শিবির চক্রের ধর্মীয় উসকানি ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা আবারও তাদের অশুভ রাজনৈতিক চরিত্রকে জাতির সামনে উন্মোচিত করেছে। বিএনপি-জামায়াত জোটের কাছে মেহনতি মানুষ সবসময়ই কেবল ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে; খেটে খাওয়া মানুষের রক্ত চুষে খাওয়া আর সংকটকালে তাদের ওপর আঘাত হানোই এদের চিরচেনা সংস্কৃতি।

 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতা উল্টালে একটি সত্য দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে—এদেশের মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক এবং ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল কখনোই আন্তরিকতার সাথে পাশে দাঁড়ায়নি।

 

শ্রমিকদের ভাগ্যবদল ও জীবনযাত্রার মান উন্নয়ন

 

২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও পোশাক শিল্পের একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ছিল মাত্র ১,৬৬২ টাকা, যা দিয়ে পরিবার চালানো অসম্ভব ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে এসে শ্রমিকদের জীবনযাত্রার মান নিশ্চিতে ধারাবাহিকভাবে মজুরি বৃদ্ধি করেছে—২০১৩ সালে তা বাড়িয়ে ৫,৩০০ টাকা, ২০১৮ সালে ৮,০০০ টাকা এবং সর্বশেষ ২০২৩ সালে মজুরি বোর্ড পুনর্গঠন করে তা ১২,৫০০ টাকায় উন্নীত করে। শুধু তৈরি পোশাক শিল্পই নয়, রাষ্ট্রায়ত্ত পাটকল, সুতাকলসহ বিভিন্ন খাতের শ্রমিকদের বেতন ও সুযোগ-সুবিধা আওয়ামী লীগ সরকারের আমলেই বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

 

নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণ

 

২০১৩ সালের মর্মান্তিক রানা প্লাজা ট্র্যাজেডি এবং তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের পর জাতির পিতার কন্যা শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শত কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়, তাদের উন্নত চিকিৎসা ও স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা হয়। শ্রম আইন যুগোপযোগী করে সংশোধন, কারখানার অগ্নি-নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের কর্মপরিবেশ নিশ্চিত করার মূল কৃতিত্ব আওয়ামী লীগ সরকারের, যার ফলে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো আজ বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ কারখানার স্বীকৃতি পেয়েছিলো।

 

প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষাবেষ্টনী

 

মেহনতি ও নিম্নবিত্ত মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ সরকার যেসব অভূতপূর্ব সামাজিক নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলেছে, তা দক্ষিণ এশিয়ায় এক অনন্য নজির। টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে কোটি কোটি পরিবারের কাছে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মাতৃত্বকালীন ভাতার সম্প্রসারণ করা হয়েছে। বিশেষ করে ‘আশ্রয়ণ প্রকল্প’-এর মাধ্যমে লাখ লাখ ভূমিহীন ও গৃহহীন কৃষক-শ্রমিককে বিনামূল্যে জমি ও পাকা ঘর উপহার দিয়ে গরিব-দুঃখী মানুষের মাথার ওপর স্থায়ী ছাদ তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ।

 

অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতি

 

বিএনপি-জামায়াত জোটের শাসনামলে সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ মানুষের ওপর পরিচালিত নির্যাতন ও বিভেদের রাজনীতি দেশের ধর্মীয় সম্প্রীতিকে ধূলিসাৎ করেছিল। পক্ষান্তরে, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় একটি অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশে বিশ্বাস করে। সকল ধর্মের মানুষের মৌলিক ও ধর্মীয় অধিকার রক্ষা করাকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে এবং ধর্মীয় অনুভূতি নিয়ে যেকোনো ধরণের উসকানি ও সাম্প্রদায়িক মেরুকরণের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে সবসময়।

 

ইতিহাস পর্যালোচনা করলে কোনো দ্ব্যর্থহীন সংশয় থাকে না—বিএনপি-জামায়াত কেবল ক্ষমতার মোহে রাজনীতি করে এবং সাধারণ মানুষের দুর্যোগে হাত গুটিয়ে নেয়। অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনকে বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের শ্রমিক, কৃষক ও আমজনতার সুখে-দুঃখে একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে আসছে। ইতিহাস যেমন অতীতে এটি প্রমাণ করেছে, তেমনই ভবিষ্যতেও এই সত্য অটুট থাকবে।

ফুটপাতে আশ্রয়হীন মানসিক অসুস্থ নারী, জন্ম দিলেন পুত্রসন্তান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 1:19 am
ফুটপাতে আশ্রয়হীন মানসিক অসুস্থ নারী, জন্ম দিলেন পুত্রসন্তান

চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথার কামাল বাজার এলাকায় ফুটপাতে আশ্রয়হীন অবস্থায় থাকা এক মানসিকভাবে অসুস্থ ও বাক্‌প্রতিবন্ধী নারী সন্তানসম্ভবা ছিলেন। নিজের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার মতো আপনজন তাঁর পাশে ছিলেন না। এমন পরিস্থিতিতে প্রসববেদনায় কাতর ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন ওসমান গণি।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিজের অর্থ ব্যয়ে তিনি ওই নারীকে হাসপাতালে নিয়ে যান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম হয়।

 

ঘটনাটি মানবিক সহায়তার পাশাপাশি নারীর নিরাপত্তা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও সামনে এনেছে। একজন মানসিকভাবে অসুস্থ ও বাক্‌প্রতিবন্ধী নারী কীভাবে সন্তানসম্ভবা হলেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তাঁর সঙ্গে যৌন নির্যাতন বা শোষণের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে সন্তানের পিতৃপরিচয় এবং মায়ের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

 

বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে শুধু তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নয়, মা ও নবজাতকের দীর্ঘমেয়াদি সুরক্ষা, সামাজিক পুনর্বাসন এবং প্রয়োজনে আইনি সহায়তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

 

একজন অসহায় নারীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ওসমান গণি। তবে এই ঘটনা আমাদের সমাজের সামনে বড় প্রশ্ন রেখে যায়—অসহায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কি কেবল বিপদের মুহূর্তে কোনো ব্যক্তির মানবিক উদ্যোগের ওপরই নির্ভর করবে?

কারাগারে আওয়ামী লীগ নেতা রঞ্জিত ঘোষের মৃত্যু, শেখ হাসিনার শোক ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 12:55 am
কারাগারে আওয়ামী লীগ নেতা রঞ্জিত ঘোষের মৃত্যু, শেখ হাসিনার শোক ও প্রতিবাদ

কিশোরগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সোমবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত এক শোকবার্তায় শেখ হাসিনা এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

শোকবার্তায় বলা হয়, রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ২১ আগস্ট একটি মামলায় গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা।

 

তিনি দাবি করেন, অসুস্থ অবস্থায় বারবার জামিন ও চিকিৎসার আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেয়নি। পরবর্তী সময়ে কারাগারে তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

শোকবার্তায় শেখ হাসিনা আরও দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে কারাগারে এবং দেশের বিভিন্ন স্থানে নির্যাতন ও হত্যার শিকার হতে হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত কারাগারে অন্তত ৭১ জন আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে।

 

রঞ্জিত কুমার ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শেখ হাসিনা তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে রঞ্জিত কুমার ঘোষকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আগের দিন রোববার তাঁর জামিন মঞ্জুর হয়েছিল এবং সোমবার কারামুক্ত হওয়ার কথা ছিল।

 

তবে কারাগারে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তাঁর স্বজনেরা। অন্যদিকে, কারা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, অসুস্থ হওয়ার পর তাঁকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়।

 

শেখ হাসিনাকে ‘সাহসী নারী’ বললেন যুক্তরাষ্ট্রের সাবেক আইনপ্রণেতা রবার্ট ল্যান্সিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Tuesday, 10 November, 2026, 9:48 pm
শেখ হাসিনাকে ‘সাহসী নারী’ বললেন যুক্তরাষ্ট্রের সাবেক আইনপ্রণেতা রবার্ট ল্যান্সিয়া

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সাহসী নারী’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা রবার্ট বি. ল্যান্সিয়া। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করে তাঁর প্রশংসা করেন ল্যান্সিয়া।

 

নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ল্যান্সিয়া লেখেন, একজন সাহসী নারী নিজের দেশের মানুষের জন্য ঝুঁকি নিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির বিখ্যাত বই Profiles in Courage-এর প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা সে সময়ের প্রেক্ষাপটে থাকলে বইটিতে স্থান পাওয়া ব্যক্তিদের একজন হতে পারতেন।

 

১৯৫৬ সালে প্রকাশিত Profiles in Courage বইয়ে জন এফ. কেনেডি রাজনৈতিক বিরোধিতা ও ব্যক্তিগত ক্ষতির আশঙ্কা সত্ত্বেও নীতিগত অবস্থানে অটল থাকা আটজন মার্কিন সিনেটরের ঘটনা তুলে ধরেছিলেন।

 

গত ৯ নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন। তাঁর আইনজীবীদের পাঠানো একটি চিঠির বরাতে এ তথ্য প্রকাশ করে সংবাদ সংস্থাটি। শেখ হাসিনা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণহানির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

 

এদিকে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং এর আইনি ভিত্তি রয়েছে কি না, তা যাচাই করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। অন্যদিকে, বাংলাদেশ সরকার তাঁকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে।

 

রবার্ট বি. ল্যান্সিয়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চ্যাপলেইন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজনীতিতে যুক্ত হন এবং রিপাবলিকান দলের হয়ে রাজ্য আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে তিনি অঙ্গরাজ্যটির দ্বিতীয় কংগ্রেসনাল আসনে রিপাবলিকান মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি।

 

বাংলাদেশের রাজনীতি নিয়েও ল্যান্সিয়ার আগ্রহ রয়েছে। ২০২৫ সালে ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন ও প্রিয়জিত দেবসরকারের সঙ্গে যৌথভাবে প্রকাশিত Bangladesh on the Brink, Bleeding Boundaries বইটির অন্যতম লেখক তিনি। বইটিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের ক্ষমতার পরিবর্তন এবং আঞ্চলিক ভূরাজনীতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।