ত্রয়োদশ সংসদ থেকে ‘মাইনাস’ করার অভিযোগ, আইপিইউর কাছে আওয়ামী লীগের নালিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে আওয়ামী লীগকে ‘মাইনাস’ বা বাইরে রাখার অভিযোগ তুলে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) কাছে অভিযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ সফররত আইপিইউর মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। পরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আওয়ামী লীগের অভিযোগের বিষয়টি তুলে ধরেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন।
ব্রিফিংয়ে জানানো হয়, আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে—ত্রয়োদশ জাতীয় সংসদ গঠন ও নির্বাচন প্রক্রিয়া থেকে দলটিকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য বা নথি প্রকাশ্যে পাওয়া গেছে কি না, তা ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আইপিইউর কাছে দেশের সংসদীয় গণতন্ত্র নিয়ে এক ধরনের তথ্য উপস্থাপন করত। বর্তমানে ক্ষমতার বাইরে থাকার পর তারাই সংসদীয় প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার অভিযোগ করছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, আইপিইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বর্তমান সংসদের কার্যপ্রণালি, কমিটি ব্যবস্থা ও আইন প্রণয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরেছে জাতীয় সংসদ সচিবালয়। সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, বর্তমান সংসদে নবীন ও অভিজ্ঞ সদস্যদের অংশগ্রহণের ফলে সংসদীয় কার্যক্রম আরও কার্যকর ও জবাবদিহিমূলক হয়েছে।
সরকারের পক্ষ থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগ ও সংস্কার পরিকল্পনার কথাও প্রতিনিধি দলকে জানানো হয়েছে। এর মধ্যে সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর করা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা এবং অন্তর্ভুক্তিমূলক সংসদীয় ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়গুলো উঠে আসে।
এদিকে, বাংলাদেশ সফরকালে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং সংসদ সচিবসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। তিনি গণতন্ত্র, মানবাধিকার, অন্তর্ভুক্তিমূলক সংসদীয় ব্যবস্থা এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনে সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেছেন।
আইপিইউ মহাসচিবের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ৩০ আগস্ট ঢাকায় আসে। নির্ধারিত সফরসূচি অনুযায়ী ২ সেপ্টেম্বর তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
ইতি/

আপনার মতামত লিখুন