বরিশালে যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মী আটক
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সৈকত গুহ পিকলুর ছোট ভাই ও যুবলীগের সাবেক সদস্য সলিল গুহ পিন্টু, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল আলম, পৌর আওয়ামী লীগ নেতা ওয়াজ করনী আকন এবং যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের আরও চার নেতা-কর্মী।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ আহমেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় আটক সাতজনের পাশাপাশি সৈকত গুহ পিকলুসহ আরও কয়েকজন রাজনৈতিক নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে পুলিশের দাবি, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও রাজনৈতিক কার্যক্রম পুনরায় সক্রিয় করার উদ্দেশ্যে একটি বাড়িতে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় সাতজনকে আটক করা হয়।
তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি, তাঁরা গোপন বৈঠকে নয়, লক্ষ্মীপূজার নিমন্ত্রণে ওই বাড়িতে গিয়েছিলেন। সৈকত গুহ পিকলুও একই দাবি করে জানান, পূজার অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্য থেকে ছয়জন এবং তাঁর ছোট ভাইকে পুলিশ নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, আটক সাতজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন