খুঁজুন
, ,

চুড়ি কিনতে চেয়েছিলেন নায়িকা, ফিরলেন ঝালমুড়ি নিয়ে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 3 July, 2023, 1:55 pm
চুড়ি কিনতে চেয়েছিলেন নায়িকা, ফিরলেন ঝালমুড়ি নিয়ে

বলিউডে অভিনেত্রী হিসাবে তার হাতেখড়ি আর পাঁচ জন নায়িকার মতো নয়। বলিউডের গতে বাঁধা রোম্যান্টিক ঘরানা থেকে সম্পূর্ণ আলাদা এক ধরনের ছবির মাধ্যমে আত্মপ্রকাশ তার। ছবির নাম ‘দম লাগা কে হাইশা’। প্রথম ছবির মাধ্যমেই দর্শকদের নজর কেড়েছিলেন ভূমি পেডনেকর। এরপরে ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘শুভ মঙ্গল জাদা সাবধান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। প্রতিটি ছবিতেই কোনও না কোনও গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা আছে।

পাশাপাশি অভিনয় করেছেন ‘সোনচিড়িয়া’, ‘ভিড়’, ‘আফওয়া’র মতো রাজনৈতিক ভাবে সচেতন ছবিতেও। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর দু’টি ছবি ‘ভিড়’ ও ‘আফওয়া’। তার পরেই কলকাতায় এলেন ভূমি। একটি বিজ্ঞাপনী ছবির কাজে।

এই প্রথম কলকাতায় এলেন ভূমি। তা-ও ছবির প্রচারে নয়, শুটিংয়ের কাজে। কেমন অভিজ্ঞতা তার? প্রশ্ন শেষ হতে না হতেই ভূমি বলে উঠলেন, ‘দীর্ঘ দিন ধরে কলকাতায় আসার ইচ্ছা ছিল। এই শহর, এই রাজ্য থেকে বহু গুণী মানুষ উঠে এসেছেন। সিনেমা হোক বা সাহিত্য, সেরার সেরা শিল্পীরা সবাই এই বাংলার। আমি নিজে এক জন শিল্পী হিসাবে কলকাতা আসার জন্য মুখিয়ে ছিলাম।’

মাত্র এক দিনের ঝটিকা সফর। তাই কলকাতা শহর ঘুরে দেখার বিশেষ সময় পাননি ভূমি। তার বক্তব্যেও সেই আক্ষেপ ধরা পড়ল। বললেন, ‘আমি তো এখানে এসেই চুড়ি কিনতে বড়বাজারে যেতে চেয়েছিলাম! আমার পরিবারের তরফেও আমাকে একটা লম্বা ফর্দ ধরিয়ে দেওয়া হয়েছে— ঝালমুড়ি, মিষ্টি… আরও কত কী!’

ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আফওয়া’। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরে তেমন ভাবে সাড়া জাগাতে না পারলেও ওটিটি প্ল্যাটফর্মে জায়গা পেয়েই দর্শকের নজর কেড়েছে সুধীর মিশ্র পরিচালিত এই ছবি। এই ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ভূমি। জানালেন, চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে গিয়ে সুধীর মিশ্রের ছবি দেখেছেন বহু বার। তারপর বাস্তবে তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞ ভূমি। ‘ভিড়’-এর পরিচালক ছিলেন অনুভব সিন্‌হা। অন্য দিকে, ‘আফওয়া’-র অন্যতম প্রযোজকও তিনি।

সেদিক থেকে অনুভবের সঙ্গে ভূমির দ্বিতীয় ছবি ‘আফওয়া’। বললেন, ‘অনুভবের সঙ্গে কাজ করা মানে দুরন্ত সব মাথার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া। সবাই কত গভীরে গিয়ে ভাবনা চিন্তা করেন। সেই ধরনের মেধার সান্নিধ্যে কাজ করতে পারা আমার কাছে খুব বড় প্রাপ্তি।’

বরাবরই অন্য ধরনের ছবি, অন্য ধরনের চরিত্রে কাজ করে এসেছেন ভূমি। ছকভাঙা এমন চরিত্র পেতে কখনও অসুবিধা হয়নি? ভূমির মতে, ক্যারিয়ারের প্রথম ছবিই তার জন্য সেই রাস্তাটা তৈরি করে দিয়েছিল। অভিনেত্রী বললেন, ‘আমার প্রথম ছবি দেখেই সবার ধারণা তৈরি হয়েছিল যে, আমি একটু অন্য ধরনের কাজই করতে চাই। সৌভাগ্যক্রমে তার পর থেকে আমার কাছে সেই রকমের কাজের প্রস্তাবই এসেছে।’

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।