খুঁজুন
, ,

রাঙামাটিতে ঈদে পর্যটক বরণে প্রস্তুত 

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 29 June, 2023, 1:10 am
রাঙামাটিতে ঈদে পর্যটক বরণে প্রস্তুত 

পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কাপ্তাই হ্রদ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই এবারের ছুটিতে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা উপভোগ করতে পারবেন কাপ্তাই হ্রদ ভ্রমণের আনন্দ।

dhakapost

রাঙামাটি পর্যটন ঘাটের ইজারাদার মো. রমজান আলী বলেন, ঈদের ছুটিকে লক্ষ্য করে আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের ট্যুারিস্ট বোটগুলো মেরামত ও রং করে সম্পূর্ণ প্রস্তুত করেছি। আশা করছি এবারের ছুটিতে বেশ ভালোই পর্যটক সমাগম হবে এবং আমরা বেশ ভালো একটা ব্যবসা করতে পারব।

পর্যটকদের চাপ সামলাতে শহরের প্রায় শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউজ প্রস্তুত। এরই মধ্যে অধিকাংশ হোটেলের ৫০-৬০ ভাগ রুম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। ঝুলন্ত সেতুতে রেকর্ড সংখ্যক পর্যটক ভ্রমণের আশাবাদ জানিয়ে রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, আমাদের সব হোটেল ও কটেজ মিলিয়ে মোট ৮৮টি রুম আছে। এর মধ্যে ঈদের ছুটি উপলক্ষ্যে প্রায় ৫০ শতাংশ বুকিং হয়ে গেছে। আশা করছি বুকিংয়ের পরিমাণ আরও বাড়বে। পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স প্রস্তুত আছে।

dhakapost

হোটেল স্কয়ার পার্কের ব্যবস্থাপক আবুল হাসান রায়হান বলেন, আমরা আশা করছি এবারে ঈদের ছুটিতে বেশ ভালোই পর্যটক রাঙামাটি বেড়াতে আসবেন। যেহেতু আবহাওয়া ঠান্ডা আছে তাই পর্যটকদের উপস্থিতি বেশ ভালোই হবে। ইতোমধ্যে আমাদের ৫০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। এখনও নতুন বুকিং পাচ্ছি আমরা। আশা করছি শতভাগ বুকিং হয়ে যাবে।

রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় পণ্য হচ্ছে স্থানীয় তাঁতে বোনা বিভিন্ন পোশাক। তাই টানা বন্ধে আসা পর্যটকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে বাহারি সব পণ্য পসরা সাজাতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

 

বনানী টেক্সটাইলের সত্ত্বাধিকারী জুনান চাকমা বলেন, ঈদের ছুটিতে ভালোই টুরিস্ট আসবে বলে আশা করছি। যেহেতু আমাদের ব্যবসা পুরোটাই টুরিস্টনির্ভর। তাই তাদের জন্য আমাদের নতুন অনেক কালেকশন আছে। এবারের পর্যটক সমাগমের ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী।

এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে ট্যুারিস্ট পুলিশ। ট্যুারিস্ট পুলিশ রাঙামাটি জোনের উপ-পরিদর্শক খাদিজা আক্তার বলেন, রাঙামাটিতে আসা পর্যটকদের জন্য প্রতিবারের মতো এবারও যথেষ্ট নিরাপত্তা আমরা জোরদার করেছি। আমাদের টহল পার্টি এবং সিভিল পার্টি পর্যটন স্পটগুলোর নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। যেকোনো ধরনের অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা সচেষ্ট আছি।

এবারের এই ছুটিতে রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটে প্রায় ২০ হাজার পর্যটকের আগমন ঘটবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।