খুঁজুন
, ,

আল্লাহর নাম নিয়েই সময় পার করছেন শাবানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 16 June, 2023, 2:58 pm
আল্লাহর নাম নিয়েই সময় পার করছেন শাবানা

ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়িকা শাবানা। অভিনয় জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হুট করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ২৩ বছর ধরে স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন এই কিংবদন্তি। তবে আজও কোটি কোটি বাঙালির হৃদয়ে লেখা রয়েছে তার নাম। কিংবদন্তী নায়িকাদের কেউ শাবানার মতো দর্শকদের বুকে আক্ষেপ রেখে বিদায় নিতে পারেননি।

১৯৫২ সালের ১৫ জুন পৃথিবীর বুকে এসেছিলেন শাবানা। এরই মধ্যে জীবনের ৭০ বসন্ত পার করে ৭১-এ পা রেখেছেন এই কিংবদন্তি। বিশেষ দিনটিতে সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

এখন আর ঘটা করে নিজের জন্মদিন পালন করেন না শাবানা। এমনকি বিশেষ দিনটির কথা মনেও থাকে না তার। অনুরাগীদের ভালোবাসার বার্তাই তাকে জন্মদিনের কথা মনে করিয়ে দেয়। বিষয়টি তিনি বেশ উপভোগ করেন। খানিকটা সময়ের জন্য নস্টালজিক হয়ে পড়েন।

বর্তমান সময়ে বিশেষ দিনে শুভেচ্ছা জানানো কিংবা স্মৃতিচারণের মূল মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। তবে শাবানার কোনো ফেসবুক আইডি নেই। তাকে নিয়ে ফেসবুকে যেসব লেখালেখি হয়- সেসব ছেলে-মেয়ে, নাতি-নাতনির মাধ্যমেই জানতে পারেন তিনি। কে কী ভিডিও ক্লিপ আপলোড করেছে, সেসবও দেখেন এই কিংবদন্তি। সকলের নিঃস্বার্থ ভালোবাসায় পুরনো দিনগুলোতে ফিরে যান। খুশির স্মৃতিগুলো দোলা দেয় মনে, হন আবেগ-আপ্লুত। আনন্দে চোখের কোণে জল চলে আসে শাবানার।

এক সময় লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত সময় কেটেছে শাবানার। এখন আর তার সেই কর্মব্যস্ততা নেই। আপাতত পরিবারকে নিয়েই তার ব্যস্ততা। অবসর সময়ে আল্লাহর নাম নিয়েই পার করে দিচ্ছেন তিনি।

শাবানার বন্দনা শেষ হওয়ার নয়। মাত্র আট বছর বয়সে এহতেশাম পরিচালিত ‘নতুনসুর’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটে তার। এরপর তালাশসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে দেখা গেছে তাকে। সহ-নায়িকা হিসেবে ‘বনবাসে রূপবান’ ও ‘ডাকবাবু’ সিনেমায় অভিনয় করেছেন। তখন তার পর্দা নাম ছিল রত্না। ১৯৬৭ সালে এহতেশাম পরিচালিত ‘চকোরী’তে নাদিমের নায়িকা হয়ে পর্দায় আসেন তিনি। এসময় রত্না থেকে হয়ে যান শাবানা। বাংলা ও উর্দু ভাষায় নির্মিত ‘চকোরী’ ব্যবসা সফল হয়। এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

তিন দশকের ক্যারিয়ারে নায়ক রাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, নাদিম, জসীম, সোহেল রানাসহ সমসাময়িক নায়কদের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাবানা। ‘ভাতদে’, ‘রাঙা ভাবী’, ‘ছুটির ঘণ্টা’, ‘ওরা এগারো জন’, ‘লুটেরা’, ‘স্বামী কেন আসামি’, ‘চাঁপা ডাঙার বউ’-সহ তার উল্লেখযোগ্য সিনেমার তালিকা বেশ লম্বা। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

শাবানার সম-সাময়িক অভিনয় শিল্পীদের অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। সবশেষ চিত্রনায়ক ফারুক না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এখন শাবানার সুস্থ থাকাটাই তার অনুরাগীদের প্রত্যাশা।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।