সংবিধান দিবসে শেখ হাসিনার বাণী: গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা পুনরুদ্ধারের আহ্বান
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৪ নভেম্বর) সংবিধান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। বাণীতে তিনি ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সংবিধানের মূলনীতি পরিবর্তনের উদ্যোগ নিয়ে সমালোচনা করেন।
শেখ হাসিনা বলেন, ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। স্বাধীনতার মাত্র নয় মাসের মধ্যে সংবিধান প্রণয়ন এবং গণপরিষদের সাত মাসের মধ্যে তা গ্রহণকে তিনি ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এবং গণপরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাণীতে তিনি বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরেন। এসব মূলনীতিকে রাষ্ট্রের ভিত্তি এবং দেশের মানুষের এগিয়ে চলার পথনির্দেশক হিসেবে উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা আরও বলেন, সংবিধানের প্রণেতাদের দূরদর্শিতা, প্রজ্ঞা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর সংবিধান নিয়ে বিভিন্ন উদ্যোগ এবং জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের প্রচেষ্টার সমালোচনা করেন তিনি।
বাণীতে তিনি দাবি করেন, সংবিধানের মূল কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে সাংবিধানিক সীমাবদ্ধতা রয়েছে। এ প্রসঙ্গে তিনি সংবিধানের মৌলিক কাঠামো নীতির কথা উল্লেখ করেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তনের যেকোনো উদ্যোগের বিরোধিতা করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতিকে সংকটময় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতা, ন্যায়বিচার ও অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সংবিধান দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বাণীতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের অবদানের কথা স্মরণ করেন।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং একই বছরের ১৬ ডিসেম্বর তা কার্যকর হয়। সংবিধান গৃহীত হওয়ার দিনটি স্মরণে ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস হিসেবে পালিত হয়।

আপনার মতামত লিখুন