স্মার্টফোনের দাম কমানোসহ একাধিক নতুন উদ্যোগের ঘোষণা
স্মার্টফোন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, শিক্ষা, সরকারি চাকরি ও বিদেশে কর্মসংস্থান নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানত ছাড়াই ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক স্থাপন এবং এ খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগের কথাও জানানো হয়েছে।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর অনুমোদনের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা করার কথা বলা হয়েছে।
শিক্ষাক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিভিন্ন উদ্যোগ। শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় শীর্ষস্থানীয় মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
এ ছাড়া কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে সুষম খাবার দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের সেরা ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কৃত করার পরিকল্পনার কথাও জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ছয় মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। পাশাপাশি ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নেপালের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগের কথাও জানানো হয়েছে।
প্রযুক্তি সহজলভ্য করা, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং প্রবাসী কর্মসংস্থান বাড়াতে এসব উদ্যোগ নেওয়ার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
ইতি/

আপনার মতামত লিখুন