জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী প্লেনারি সভায় সভাপতিত্ব করেন খলিলুর রহমান। এবারের অধিবেশন চলবে ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে ২ জুন গোপন ব্যালটে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। ভোটে তিনি ৯৯টি ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোট পড়েছিল।
জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রম অনুযায়ী সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে ঘুরে আসে। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা নির্ধারিত ছিল।
খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দ্বিতীয়বার কোনো বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেলেন। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের কূটনীতিক ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। এর বাংলা ভাবার্থ, ‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।
নতুন দায়িত্বে খলিলুর রহমানকে বৈশ্বিক বিভিন্ন সংকটের পাশাপাশি বহুপাক্ষিক ব্যবস্থা শক্তিশালী করা এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রমে সভাপতিত্ব করতে হবে।
৮১তম সাধারণ পরিষদের অধিবেশন এমন এক সময়ে শুরু হয়েছে, যখন বিশ্বজুড়ে সংঘাত, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। ফলে বাংলাদেশের এই নেতৃত্ব আন্তর্জাতিক কূটনীতিতে দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।
ইতি/

আপনার মতামত লিখুন