হাটহাজারীতে ট্যাংকের গোলাবর্ষণ অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণ করতে গিয়ে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে পূর্বনির্ধারিত সামরিক অনুশীলন চলছিল। এর অংশ হিসেবে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় হঠাৎ দুর্ঘটনাটি ঘটে। এতে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হন এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আহত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই সেনাসদস্য ও আহত কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।
ইতি/
আইএসপিআর জানিয়েছে, তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

আপনার মতামত লিখুন