হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
জয়পুরহাটের ক্ষেতলালে সৎমায়ের জানাজা ও দাফনে অংশ নিতে দুই ঘণ্টার প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন কার্যক্রম স্বেচ্ছাসেবক লীগের নেতা রাশেদুল ইসলাম। তবে পুলিশি পাহারায় বাড়ি ও জানাজাস্থলে থাকা অবস্থায় তাঁর হাতে হাতকড়া দেখা যায়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাতকড়া পরা অবস্থায় জানাজায় অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
রাশেদুল ইসলাম জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুনী বাজারসংলগ্ন ধনতলা গ্রামের বাসিন্দা।
২০২৪ সালের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে গত ২২ আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে অসুস্থতাজনিত কারণে রাশেদুল ইসলামের সৎমা রহিমা বিবি মারা যান। এরপর তাঁর জানাজা ও দাফনে অংশগ্রহণের সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের জন্য তাঁকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়।
কারাগার থেকে বের হওয়ার পর পুলিশি পাহারায় রাশেদুলকে তাঁর নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে তিনি কিছু সময় মরদেহের পাশে অবস্থান করেন। পরে হাতকড়া পরা অবস্থাতেই জানাজা ও দাফনে অংশ নেন। নির্ধারিত সময় শেষ হলে পুলিশ তাঁকে পুনরায় কারাগারে নিয়ে যায়।
জয়পুরহাট কারাগারের জেলার তোফায়েল আহাম্মেদ খাঁন জানান, মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে রাশেদুল ইসলামকে কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। প্যারোলের সময় শেষ হওয়ার পর বিকেল সোয়া চারটার দিকে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।
হাতকড়া পরিয়ে জানাজায় অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে জেলার বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে।
ইতি/

আপনার মতামত লিখুন