খুঁজুন
, ,

দুর্ঘটনার পরিসংখ্যান আর প্রকাশ করবে না : নিসচা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 January, 2024, 2:25 pm
দুর্ঘটনার পরিসংখ্যান আর প্রকাশ করবে না : নিসচা

এ বছর থেকে দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করবে না নিরাপদ সড়ক চাই (নিসচা)। সারা দেশে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন পরিসংখ্যান দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সোমবার (২৯ জানুয়ারী) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘সড়ক দুর্ঘটনায় বিভ্রান্তিকর পরিসংখ্যান’ শীর্ষক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন বলেন, সরকারের অসহযোগিতা রয়েছে। তাদের আগে থেকে তথ্য দিতে হবে। কারও মধ্যে কোনো সমন্বয় নেই। সরকারি সংস্থাগুলোই দুই রকম তথ্য দিচ্ছে। আমরা বারবার বলার পর দেখলাম গত বছর থেকে বিআরটিএ শুরু করেছে। কিন্তু পুলিশের পরিসংখ্যানের সঙ্গে সেটির মিল নেই।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ২০১২ হতে ২০২২ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান জাতির সামনে তুলে ধরেছে তাঁর সংগঠন। কিন্তু যখন তাঁদের দেখাদেখি অনেকে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন করছে এবং নানা বিতর্ক তৈরি হচ্ছে—তখন এ বছর এসে তিনি ২০২৩ সালের পরিসংখ্যান আর তুলে না ধরার সিদ্ধান্ত নিয়েছেন।

নিসচ‘র চেয়ারম্যান বলেন, আমরা প্রতিনিয়ত সরকারের কাছে একটি দাবি জানিয়ে এসেছি, এটি কোনো বেসরকারি সংগঠন বা কোনো ব্যক্তির পক্ষে প্রকৃত চিত্র তুলে আনা সম্ভব নয়। এর জন্য সরকারের একটি সার্বক্ষণিক মনিটরিং সেল এবং লোকবলের প্রয়োজন রয়েছে। এ ছাড়া প্রযুক্তিগত ডেভেলপমেন্টেরও দরকার রয়েছে, যা কোনো ব্যক্তি উদ্যোগে করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, পুলিশের রিপোর্ট আমরা গ্রহণযোগ্য বলে মনে করতাম না কারণ এই রিপোর্ট তৈরি করা হয় শুধু মামলার ওপর ভিত্তি করে অর্থাৎ যে দুর্ঘটনার মামলা করা হতো শুধু সেই দুর্ঘটনার তথ্যই ওই রিপোর্টে থাকত। অনেক ক্ষেত্রে দেখা যেত নানা কারণে অনেক দুর্ঘটনার মামলা হতো না। যেমন আমার স্ত্রী দুর্ঘটনায় নিহতের ঘটনায় কোনো মামলা হয়নি। অনেক সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৩০ দিনের ভেতরে মারা গেলে সেই তথ্য সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে বিবেচিত হবে। আমাদের দেশে সেটা পুলিশ উল্লেখ করে না। এ কারণে কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমরা মনে করি না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি-২০২৩ এ আরও বলা হয়েছে, ২০১৫ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বা রোডক্র্যাশে মৃত্যু হয়েছে ২১ হাজার ৩১৬ জনের। তবে পুলিশের রিপোর্টে বলা হয়েছে, মৃত্যু হয়েছে মাত্র ২ হাজার ৩৭৬ জনের। একইভাবে ২০১৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে ২৪ হাজার ৯৪৪ জনের মৃত্যুর কথা বলা হলেও পুলিশের রিপোর্টে বলা হয়েছে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৩৫ জনের। ২০২১ সালের রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মৃত্যু হয়েছে ৩১ হাজার ৫৭৮ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০১৬ সালে প্রতি লাখে মৃত্যুহার ছিল ১৫.৩ শতাংশ এবং ২০২১ সালে এই মৃত্যুহার ছিল প্রতি লাখে ১৯ জনের মতো।

অথচ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য মতে, ২০২৩ সালে ৫ হাজার ৪৯৫ সড়ক দুর্ঘটনায় সারা দেশে নিহত হয়েছেন ৫ হাজার ২৪ জন। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, ওই বছর ৫ হাজার ৯৩ দুর্ঘটনায় ৪ হাজার ৪৭৫ জন নিহত হয়েছেন। আরও দুই একটি সংগঠনের তথ্যও এর চেয়ে অনেক বেশি। আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটিও প্রত্যেক রিপোর্টের সঙ্গে মিলছে না। এতে করে দেখা যাচ্ছে—বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সরকার, পুলিশ ও বিভিন্ন রিপোর্টে ভিন্নতা রয়েছে। আমরা মনে করি, এতে করে জাতি বিভ্রান্ত হচ্ছে। কারণ সরকারের বিভিন্ন মহল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বেসরকারি বিভিন্ন সংগঠনের সকল তথ্যকে অগ্রহণযোগ্য বলে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তবে বিআরটিএ সেটা মানে না। যে যার মতো তথ্য দিয়ে, তার পরিসংখ্যান সঠিক বলে দাবি করছে। কেউ হাসপাতালের তথ্য দিচ্ছে না। এভাবে তো হয় না। এসকল কারণে সংগঠন আর সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান জানাবে না বলে জানান।

তবে সংস্থাটির সেল চালু থাকবে, সেটি নিজেদের গবেষণার জন্য।

ফুটপাতে আশ্রয়হীন মানসিক অসুস্থ নারী, জন্ম দিলেন পুত্রসন্তান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 1:19 am
ফুটপাতে আশ্রয়হীন মানসিক অসুস্থ নারী, জন্ম দিলেন পুত্রসন্তান

চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথার কামাল বাজার এলাকায় ফুটপাতে আশ্রয়হীন অবস্থায় থাকা এক মানসিকভাবে অসুস্থ ও বাক্‌প্রতিবন্ধী নারী সন্তানসম্ভবা ছিলেন। নিজের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার মতো আপনজন তাঁর পাশে ছিলেন না। এমন পরিস্থিতিতে প্রসববেদনায় কাতর ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন ওসমান গণি।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিজের অর্থ ব্যয়ে তিনি ওই নারীকে হাসপাতালে নিয়ে যান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম হয়।

 

ঘটনাটি মানবিক সহায়তার পাশাপাশি নারীর নিরাপত্তা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও সামনে এনেছে। একজন মানসিকভাবে অসুস্থ ও বাক্‌প্রতিবন্ধী নারী কীভাবে সন্তানসম্ভবা হলেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তাঁর সঙ্গে যৌন নির্যাতন বা শোষণের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে সন্তানের পিতৃপরিচয় এবং মায়ের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

 

বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে শুধু তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নয়, মা ও নবজাতকের দীর্ঘমেয়াদি সুরক্ষা, সামাজিক পুনর্বাসন এবং প্রয়োজনে আইনি সহায়তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

 

একজন অসহায় নারীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ওসমান গণি। তবে এই ঘটনা আমাদের সমাজের সামনে বড় প্রশ্ন রেখে যায়—অসহায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কি কেবল বিপদের মুহূর্তে কোনো ব্যক্তির মানবিক উদ্যোগের ওপরই নির্ভর করবে?

কারাগারে আওয়ামী লীগ নেতা রঞ্জিত ঘোষের মৃত্যু, শেখ হাসিনার শোক ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 12:55 am
কারাগারে আওয়ামী লীগ নেতা রঞ্জিত ঘোষের মৃত্যু, শেখ হাসিনার শোক ও প্রতিবাদ

কিশোরগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সোমবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত এক শোকবার্তায় শেখ হাসিনা এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

শোকবার্তায় বলা হয়, রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ২১ আগস্ট একটি মামলায় গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা।

 

তিনি দাবি করেন, অসুস্থ অবস্থায় বারবার জামিন ও চিকিৎসার আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেয়নি। পরবর্তী সময়ে কারাগারে তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

শোকবার্তায় শেখ হাসিনা আরও দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে কারাগারে এবং দেশের বিভিন্ন স্থানে নির্যাতন ও হত্যার শিকার হতে হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত কারাগারে অন্তত ৭১ জন আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে।

 

রঞ্জিত কুমার ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শেখ হাসিনা তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে রঞ্জিত কুমার ঘোষকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আগের দিন রোববার তাঁর জামিন মঞ্জুর হয়েছিল এবং সোমবার কারামুক্ত হওয়ার কথা ছিল।

 

তবে কারাগারে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তাঁর স্বজনেরা। অন্যদিকে, কারা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, অসুস্থ হওয়ার পর তাঁকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়।

 

শেখ হাসিনাকে ‘সাহসী নারী’ বললেন যুক্তরাষ্ট্রের সাবেক আইনপ্রণেতা রবার্ট ল্যান্সিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Tuesday, 10 November, 2026, 9:48 pm
শেখ হাসিনাকে ‘সাহসী নারী’ বললেন যুক্তরাষ্ট্রের সাবেক আইনপ্রণেতা রবার্ট ল্যান্সিয়া

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সাহসী নারী’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা রবার্ট বি. ল্যান্সিয়া। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করে তাঁর প্রশংসা করেন ল্যান্সিয়া।

 

নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ল্যান্সিয়া লেখেন, একজন সাহসী নারী নিজের দেশের মানুষের জন্য ঝুঁকি নিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির বিখ্যাত বই Profiles in Courage-এর প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা সে সময়ের প্রেক্ষাপটে থাকলে বইটিতে স্থান পাওয়া ব্যক্তিদের একজন হতে পারতেন।

 

১৯৫৬ সালে প্রকাশিত Profiles in Courage বইয়ে জন এফ. কেনেডি রাজনৈতিক বিরোধিতা ও ব্যক্তিগত ক্ষতির আশঙ্কা সত্ত্বেও নীতিগত অবস্থানে অটল থাকা আটজন মার্কিন সিনেটরের ঘটনা তুলে ধরেছিলেন।

 

গত ৯ নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন। তাঁর আইনজীবীদের পাঠানো একটি চিঠির বরাতে এ তথ্য প্রকাশ করে সংবাদ সংস্থাটি। শেখ হাসিনা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণহানির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

 

এদিকে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং এর আইনি ভিত্তি রয়েছে কি না, তা যাচাই করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। অন্যদিকে, বাংলাদেশ সরকার তাঁকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে।

 

রবার্ট বি. ল্যান্সিয়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চ্যাপলেইন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজনীতিতে যুক্ত হন এবং রিপাবলিকান দলের হয়ে রাজ্য আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে তিনি অঙ্গরাজ্যটির দ্বিতীয় কংগ্রেসনাল আসনে রিপাবলিকান মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি।

 

বাংলাদেশের রাজনীতি নিয়েও ল্যান্সিয়ার আগ্রহ রয়েছে। ২০২৫ সালে ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন ও প্রিয়জিত দেবসরকারের সঙ্গে যৌথভাবে প্রকাশিত Bangladesh on the Brink, Bleeding Boundaries বইটির অন্যতম লেখক তিনি। বইটিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের ক্ষমতার পরিবর্তন এবং আঞ্চলিক ভূরাজনীতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।