খুঁজুন
, ,

গেল বছরে বিদেশমুখী ছিল ঢাকাই তারকারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 31 December, 2023, 9:45 am
গেল বছরে বিদেশমুখী ছিল ঢাকাই তারকারা

আজই রাত বারোটা অতিক্রম করার সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে চিরকালের জন্য ২০২৩। সেই সঙ্গে রাত বারোটা অতিক্রম করার সঙ্গে সঙ্গে সারা বিশ্বে একসঙ্গে বিপুল আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে ২০২৪ সাল। সময়ের হেরফেরে এই আনন্দের ফোয়ারা একসঙ্গে না ঘটলেও ন্যূনতম একদিনের ব্যবধানে তো হবেই। তবে বাংলাদেশে আজ রাত ১২টা অতিক্রম করার সঙ্গে সঙ্গেই বিপুল আনন্দের আতিশয্যের মধ্য দিয়েই বরণ করে নেওয়া হবে ২০২৪ সালকে। দেয়ালে উঠবে নতুন বছরের বর্ষপঞ্জি।

একদিকে যখন দেশের আপামর মানুষ নতুন বছর ২০২৪ সালকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত ঠিক সেই সময়ে বাংলাদেশের শোবিজ অঙ্গন থেকে চলচ্চিত্র, নাটক-সঙ্গীত- জ্যেষ্ঠ থেকে নবীনÑ সব তারকাই উড়াল দিতে শুরু করেছেন ভিন দেশে। ধরেছেন ফ্লাইট। কেউ নিকট প্রতিবেশী দেশ ভারত, কেউবা সুদূর ২০ হাজার মাইল পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র, কেউবা নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর- কেউবা আবার যুক্তরাজ্যের পথে-ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে বেড়াচ্ছেন আরও অন্যান্য দেশে। আর ছবি-ভিডিও ধারণ করে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়। কেউবা হয়তো আজই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ঠিক করে রেখেছেন।

অন্যদিকে নতুন বছরের শুরুর দিকেই পরিকল্পনামাফিক তারাও ছুটবেন ভিন্ন ভিন্ন দেশে। চলতি মাসের মাঝামাঝি সময়ে দুবাইয়ে উড়ে যান একঝাঁক তারকা। সেখানে একটি শোতে অংশ নিতেই উড়াল দেন বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, জিয়াউল হক পলাশ, জায়েদ খান, সামিরা খান মাহিসহ একাধিক তারকা। সেখানে অনুষ্ঠানে পারফর্ম করার পর জায়েদ খান সিঙ্গাপুর যান। অন্য তারকারা যে যার মতো অন্য পছন্দের দেশ ঘুরতে ছুটে যান। ছয় বছরের গোপন প্রেমকে পূর্ণতা দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে এ বছরের ৪ জানুয়ারি মালা বদল করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে সুখ-আনন্দ আর ক্যারিয়ার সাফল্যে কেটে গেছে তাদের প্রথম বছর। আর কয়েকদিন পরই মিম-সনির প্রথম বিবাহবার্ষিকী।

বলা নি®প্রয়োজন, আসন্ন ৪ জানুয়ারি মিম ও সনির জন্য অত্যন্ত বিশেষ দিন হতে যাচ্ছে। দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইতে উড়াল দিয়েছেন এ দম্পতি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা থেকে দুবাই রওয়ানা দিয়েছেন তারা। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিম।

নতুন বছরের পরিকল্পনা জানতে চাওয়ায় তিনি দুবাই সফরের বিষয়টি জানান। দুবাই রওনা দেওয়ার আগে মিম জানান, ‘মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে এই সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এর মধ্যে থার্টিফার্স্টও পড়ছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদ্যাপনেও অংশ নেব।’

মিম জানান, ১০ দিনের সফরে তারা দুবাই পাড়ি জমাচ্ছেন। নতুন বছরের ৮ জানুয়ারি ফিরে আসবেন ঢাকায়। এসে আবার বসে থাকার ফুরসত নেই। উড়াল দিতে হবে কলকাতায়। ঢাকায় ফেরার একদিন পরই তিনি চলে যাবেন টলিউডের শহরে। কারণ সেখানেই তার নতুন সিনেমার কাজ। ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় সিনেমাটির নাম ‘মানুষ’।

প্রযোজনার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করছেন টলিউড সুপারস্টার জিৎ। এতে জিতের সঙ্গেই দেখা যাবে মিমকে। এটি এই জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তারা একসঙ্গে ‘সুলতান দ্য সেভিয়র’ ছবিতে অভিনয় করেছিলেন। মিম জানালেন, কিছুদিন আগেই কলকাতায় গিয়েছিলেন তিনি। তখন তার অংশের অনেকখানি শুটিং সম্পন্ন হয়েছে। বাকিটা ১০ জানুয়ারি থেকে শুরু হবে।

এদিকে মাসের একবারে শেষে ভারতের আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ি এলাকায় কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে পারফর্ম করতে দেশ ছেড়েছেন ঢালিউড তারকা শাকিব খান। এতে তার সঙ্গে ভারত থেকে ‘প্রিয়তমা’ ছবির নায়িকা ইধিকা পালও অংশ নিয়েছেন। জানা গেছে, ভারতে বেশ কিছুদিন থাকবেন শাকিব খান। ফিরেই ‘রাজকুমার’ সিনেমার শুটিং করতে উড়াল দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে।

এদিকে নতুন বছরের শুরুতেই আরেক খবরের শিরোনাম হয়েছেন শাকিব খান। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার আসামের একটি আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল এই অভিনেতার। তবে আয়োজনে দেরি করায় স্থানীয়রা ব্যাপক হামলা চালিয়ে এটি পণ্ড করে দেয়। অনুষ্ঠান শুরু হওয়ার কথা রাত ৮টায় হলেও তা ১১টা অবধি হয়নি। ফলে উত্তেজিত জনতা ভেঙে ফেলে মঞ্চসহ শতাধিক চেয়ার। ভাংচুরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। তবে সৌভাগ্য যে, এতে শাকিব খানের কিছু হয়নি। তিনি পুরোপুরি অক্ষত আছেন। তাছাড়া ওই ঘটনা সংঘটনের সময়ে তিনি ছিলেন না বলে জানা গেছে।

ঢাকা ছাড়ার আগে শাকিব খান জানিয়েছিলেন ২৮ ও ২৯ ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করবেন তিনি। শাকিব খানের সঙ্গে এ অনুষ্ঠানে অংশ নেবেন ইধিকা পাল। এই শীর্ষ নায়কের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন ইধিকা পাল।

ভারতের ওই একই স্থানের আয়োজনে পারফর্ম করতে ঢাকার শোবিজের নিরব হোসাইন ও শবনব বুবলীও গিয়েছেন। নিরব জানান, ‘প্রথমবার কোনো আয়োজনে পারফর্ম করতে আসামে আসা। এখানে আমি আর বুবলী একসঙ্গে পারফর্ম করেছি। এখানে মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ।’

এদিকে গত ২১ ডিসেম্বর নাটকের শুটিং নিয়ে সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন ছোট পর্দার দুই অভিনয়শিল্পী নিলয়, হিমিসহ বেশ কয়েকজন। জানা গেছে, সেখানে হাসিব হোসেন রাখির পরিচালনায় তিনটি নাটকের শুটিং করবেন তারা। হিমি বলেন, ‘বেশ কয়েকজন শিল্পী ও পরিচালকের সঙ্গে সিঙ্গাপুর এসেছি। এর আগে এখানে শুটিং করা হয়নি। অন্য একটি দেশে শুটিং করে নতুন এক অভিজ্ঞতা হচ্ছে।’ শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে সিঙ্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। বছরের প্রথম দিন এই দেশটিতেই উদযাপন করবেন বলে জানিয়েছেন তারা।

এক রকম রথও দেখলাম কলাও বেচলাম জাতীয় কাজের বাইরেও অনেকেই নতুন বছর উদযাপন করতে বিভিন্ন দেশ ঘুরতে গিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। চলতি বছরই বিয়ে করেছেন তিনি। বিয়ের পর নতুন বরকে নিয়ে ঘোরাঘুরির খুব একটা সময় পাননি। হানিমুন সংক্ষিপ্ত করে ফিরে ব্যস্ত হয়েছেন অভিনয়ে। কিন্তু বছরের এই শেষ সময়টায় অভিনয়ের শিডিউল রাখেননি তিনি। ঘুরতে গিয়েছেন মরক্কোয়। সেখানে দারুণ সময় কাটানোর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দর্শকদের সঙ্গে শেয়ার করছেন নিজের সুন্দর সময়টা। তাসনিয়া ফারিণ ছাড়াও থাইল্যান্ড ঘুরতে গিয়েছেন নাটকের অভিনেত্রী চমক তারা। বছরের শুরুর দিনটা সেখানেই উদযাপন করবেন তিনি। জানিয়েছেন, ফিরে এসে নতুন বছরে নতুন উদ্যমে কাজে ফিরবেন তিনি।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।