খুঁজুন
, ,

বাঙালি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 3 October, 2023, 2:24 pm
বাঙালি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। সেপ্টেম্বর মাসে নেটফ্লিক্সে মুক্তি পায় মার্ডার-থ্রিলার ঘরানার ছবি ‘জানে জান’। এই ছবির মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করলেন কারিনা। ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি ৪৩ বছরে পা রাখেন অভিনেত্রী। ছবির অভিনেত্রী হিসেবে কারিনা নন, বরং বাঙালি পরিচালক সুজয় ঘোষের প্রথম পছন্দ ছিল ঐশ্বরিয়া। খবর আনন্দবাজার অনলাইনের।

২০০৫ সালে কেইগো হিগাশিনোর কলামে প্রকাশিত হয় ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ উপন্যাসটি। এ কাহিনির ওপর ভিত্তি করে সুজয় যে একটি হিন্দি ছবি তৈরি করবেন তা আগে থেকেই ঠিক করা ছিল। এমনকি ঐশ্বরিয়ার সঙ্গে এই ছবি নিয়ে আলোচনাও করেছিলেন সুজয়।

এক সাক্ষাতকারে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হয় তাকে আগামী কোন ছবিতে দেখা যেতে পারে। অভিনেত্রী সেই প্রশ্নের উত্তরে জানান, সুজয়ের পরিচালনায় দুটি ছবিতে অভিনয় করার কথা তার।

তখন ঐশ্বরিয়া আরও জানান, ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ উপন্যাসের ওপর নির্ভর করে সুজয় একটি ছবি বানাচ্ছেন। সুজয়ের ‘দুর্গা রানি’ ছবির কাজও রয়েছে আমার কাছে। অভিনেত্রী বলেন, ‘দুটি ছবির মধ্যে সুজয় কোন ছবির কাজ আগে শুরু করবেন সে বিষয়ে আমি কিছু জানি না।’

বলিপাড়া সূত্রে খবর, ‘দুর্গা রানি’ নামে যে ছবিটির কথা ঐশ্বরিয়া বলেছিলেন সে ছবিটির নাম বদলে ফেলেন সুজয়। শুধুমাত্র ছবির নাম নয়, অভিনেত্রীও বদলে ফেলেন তিনি।

বলিপাড়ার একাংশের দাবি, ছবির নাম পরিবর্তন করে ‘কাহিনি’ রাখেন পরিচালক। সে ছবিতে আর ঐশ্বরিয়া নন, বরং অভিনয় করতে দেখা যায় বিদ্যা বালনকে।

‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ উপন্যাসের ওপর নির্ভর করে যে ছবি নির্মাণের কথা ছিল তা থেকেও সরে যান ঐশ্বরিয়া। ছবির কাজও পিছিয়ে যায় অনেকটাই। পরে আবার এ ছবি নির্মাণ নিয়ে পরিকল্পনা করেন সুজয়। ঐশ্বরিয়ার পরিবর্তে সে ছবিতে অভিনয়ের সুযোগ পান কারিনা।

‘জানে জান’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কারিনা জানান, এই ছবির সঙ্গে জড়িয়ে ছিলেন তার জীবনসঙ্গী তথা বলি অভিনেতা সাইফ আলি খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সুজয়ও। কথা প্রসঙ্গে সুজয় বলেন, ‘স্বামী হয়ে এ ছবির দায়িত্ব কারিনার ওপর দিয়ে দিয়েছেন সাইফ। সাইফের সঙ্গে এই ছবিতে কাজ করার কথা ছিল আমার কিন্তু কোনো কারণবশত একসঙ্গে কাজ করা আর হলো না।’

সুজয় বলেন, ‘প্রতিটি ছবিরই নিজস্ব ভাগ্য থাকে বলে আমি মনে করি। আগে সাইফের সঙ্গে কাজ করার কথা ছিল। পরে সেই ছবি কারিনার কাছে ফিরে এলো। আমার কাছে এ যেন এক চক্র পূর্ণ করল।’

কারিনা সাক্ষাতকারে জানান, ‘জানে জান’ ছবিটি নিয়ে সাইফের উৎসাহ বাঁধ ভেঙেছে। অভিনেত্রী বলেন, ‘ছবি কবে মুক্তি পাবে সে অপেক্ষায় দিন গুনছিল সাইফ। ট্রেলার মুক্তির পর সেই ভিডিওটিই চার বার দেখে ফেলেছে ও। ট্রেলার দেখেই সাইফ বলেছিল, সবাই তাদের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন।’

সুজয়ের দাবি, ‘দ্য ডিভোশন অর সাসপেক্ট এক্স’ উপন্যাসটি পড়ার পর তিনি মনে মনে কল্পনা করে নিয়েছিলেন যে তিনটি চরিত্রে কে কে অভিনয় করবেন। সুজয় বলেন, ‘নরেন চরিত্রটি বেশ চমকপ্রদ। একদিকে গণিতে দক্ষ আবার অন্যদিকে মার্শাল আর্টসও জানে। জীবনে কোনো দিনও নিজের যত্ন নেয়নি সে। জয়দীপের জন্য এ চরিত্রটি একদম মানানসই ছিল।’

‘জানে জান’ ছবির প্রসঙ্গে সুজয় বলেন, ‘ইন্সপেক্টর কর্ণ চরিত্রের জন্য আমার এমন কাউকে প্রয়োজন প্রথম দেখাতেই যাকে মনে ধরে যায়। তাতে বিজয়ের কথা আমার মাথায় আসে।’

কারিনার প্রশংসা করে সুজয় বলেন, ‘মায়া চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য এক দক্ষ অভিনেত্রীর দরকার ছিল যিনি চরিত্রটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন। আমি চিত্রনাট্য থেকে যা কল্পনা করতে পেরেছি কারিনা তার থেকেও বেশি কল্পনা করেছে। এমন অভিনেতারা থাকলে পরিচালক হিসেবে দায়িত্বও বেড়ে যায়।’

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।