খুঁজুন
, ,

অপুতে মজেছেন শাকিব, আবারও কি এক হচ্ছেন?

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 7 July, 2023, 2:12 pm
অপুতে মজেছেন শাকিব, আবারও কি এক হচ্ছেন?

ঢাকাই সিনেমার কিং খান তিনি। সুপারস্টার তকমা বহু আগেই তার নামের সঙ্গে জুড়ে গিয়েছে। সুদর্শন ও রোমান্টিক হৃদয়ের নায়ক শাকিব খান বহু তরুণীর স্বপ্নের পুরুষ। দীর্ঘ ক্যারিয়ারে দেশি-বিদেশি অনেক চিত্রনায়িকার সঙ্গে কাজ করেছেন এই তারকা। তবে এদের মধ্যে ঢালিউডের দুই চিত্রনায়িকার সঙ্গে তার ব্যক্তিগত জীবন জড়িয়ে গেছে। লুকিয়ে প্রেম-রোমান্স, তারপর বিয়ে, একটা পর্যায়ে সন্তানের বাবা হয়েছেন শাকিব। তবে দু’ঘরেই সন্তান আসার পর বিচ্ছেদ ও সেপারেশনের মত ঘটনা ঘটেছে। নতুন করে শোবিজ পাড়ায় গুঞ্জন রটেছে সাবেকে মজেছেন তিনি।

এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’। ঠিক তার পাশাপাশি সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও সেপারেশনে থাকা স্ত্রী শবনম বুবলীর আলাদা আলাদা সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে অপু বিশ্বাসের একটি মাত্র সিনেমা মুক্তি পেলেও বুবলীর পেয়েছে দুটি। ঈদের আগে থেকেই প্রত্যেকে নিজ নিজ সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন।

তবে সম্প্রতি সুপারস্টার শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অপু বিশ্বাসের সিনেমা ‘লাল শাড়ি’র প্রচারণা করেছেন। ভক্তদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে দিয়েছেন একটি স্ট্যাটাস। যদিও তিনি ছেলে আব্রাম খান জয়ের নামের কারণে সিনেমাটির জন্য শুভ কামনা জানিয়েছেন, কিন্তু বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত অপু। শাকিবকে কৃতজ্ঞতা জানিয়ে তাকে নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন। আর সেই মন্তব্য নিয়েই চলছে গুঞ্জন।

ফেসবুকে ‘লাল শাড়ি’র একটি পোস্টার শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

প্রাক্তনের এমন পোস্ট দেখে অপু বিশ্বাসও নিজেকে সামলে রাখতে পারেননি। শাকিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুপারস্টারের স্ট্যাটাস শেয়ার দিয়ে নিজের ফেসবুকে অপু লিখেছেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা বাবার পরে তোমার অবদান।’

শাকিব যখন তার ফেসবুকে স্ট্যাটাসটি দেন অপু তখন সিনেমার প্রচারণায় ব্যস্ত। তবে গাড়িতে আসতে আসতে তার চোখ আটকে যায় ওই পোস্টের দিকে। এ নিয়ে এক প্রতিক্রিয়ায় অপু বলেন, ‘আমি গাড়িতে আসতে আসতে স্ট্যাটাসটা দেখছিলাম। আমি একটু আবেগী হয়ে গিয়েছিলাম। আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার প্রত্যেকটা সাফল্যের অবদান শাকিব খান। কারণ তিনি আমার বেশি সংখ্যার সিনেমার নায়ক। সহ শিল্পী হিসেবে তিনি আমাকে সব সময়ই সাপোর্ট দিয়ে গেছেন, এবারও তার ব্যতিক্রম হয়নি।’

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছেন, তার লাল শাড়ি সিনেমার শুটিং চলা কালে অর্থ দিয়েও সহায়তা করেছেন শাকিব।

এমনকি তিনি বলেছেন, ‘শাকিব খানের ভক্তরা বলেছেন, শাকিব-অপুকে এক স্ক্রিনে দেখতে চান। তাদের আত্মতৃপ্তিটা এভাবেই হয়েছে, শাকিব-অপুকে আমরা এক সিনেমাতে পাইনি, কিন্তু একই রকম প্রচারণায় তো পেয়েছি—এটাতে তাদের বাড়তি আনন্দ কাজ করেছে। বিষয়টি এমন হয়ে গেছে, ‘প্রিয়তমা’ তারা দেখবেন, পাশাপাশি ‘লাল শাড়ি’ও দেখবেন।’

তবে দুজনকে এক সঙ্গে দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে অপুকে বলতে শোনা গেছে, ‘তার (শাকিবের) মতো একজন নায়ককে আমার প্রযোজিত সিনেমাতে নেওয়ার সাহস এখনো হয়নি। তবে সর্বকনিষ্ঠ প্রযোজক জয় যদি কোনো দিন চায়, তাহলে হতেও পারে। সেটা প্রযোজক আর সুপারস্টার শাকিব খানের ভেতরকার আলোচনা। এটাও বলে রাখি, এই সর্বকনিষ্ঠ প্রযোজক চাইলে শাকিব-অপুকে নিয়ে অনেক কিছুই সম্ভব।’

সে যাই হোক; অপু-শাকিবের বর্তমান রসায়ন দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। এমনকি তারকারাও এই বিষয়টিকে দেখছেন পজেটিভ ভাবে। শাকিবের স্ট্যাটাস নিজের ফেসবুক ওয়ালে শেয়ার দিয়ে চিত্রনায়িকা পরীমণি লিখেছেন, ‘ওরে জোশ জোশ জোশ!’

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।