খুঁজুন
, ,

হলে নিষিদ্ধ যেসব ছবি ওটিটিতে রমরমা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 26 June, 2023, 12:43 pm
হলে নিষিদ্ধ যেসব ছবি ওটিটিতে রমরমা

এমন অনেক সিনেমা রয়েছে যার উপর সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞা সত্ত্বেও সেগুলো বহাল তবিয়তে ওটিটি প্ল্যাটফর্মে বিরাজ করছে।

২০১৫ সালের ২৯ মে উত্তর আমেরিকায় মুক্তি পায় ভারতীয় ছবি ‘আনফ্রিডম’। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রাজ অমিত কুমার। উত্তর আমেরিকায় মুক্তি পেলেও সেন্সর বোর্ড এই ছবিটি ভারতের কোনও প্রেক্ষাগৃহে মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করে।

সেন্সর বোর্ডের দাবি, ‘আনফ্রিডম’ ছবিতে এমন কিছু সাহসী দৃশ্য রয়েছে যা সব দর্শকের কাছে গ্রহণযোগ্য নয়। সমকামিতার সম্পর্কের পাশাপাশি এই ছবিতে সন্ত্রাসবাদের ছবিও ফুটে উঠেছে।

‘আনফ্রিডম’ ছবিতে অভিনয় করেছেন আদিল হুসেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, প্রীতি গুপ্ত এবং ভবানী লি। প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না পেলেও এই ছবিটি দেখতে পাওয়া যাবে নেটফ্লিক্সে। যদিও ভারতের নেটফ্লিক্স ব্যবহারকারীরা এই ছবিটি দেখতে পাবেন না।

আরও একটি বিতর্কিত ছবি রয়েছে নেটফ্লিক্সে। কৌশিক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় (যিনি কিউ নামে অধিক পরিচিত) ‘গারবেজ’ ছবিটি।

২০১৮ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম দেখানো হয় ‘গারবেজ’ ছবিটি। এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ত্রিমালা অধিকারী, তন্ময় ধননিয়া, শতরূপা দাস-সহ অন্য তারকাদের।

আন্তর্জাতিক স্তরে প্রশংসা পেলেও ‘গারবেজ’ ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। সেন্সর বোর্ডের দাবি, ধর্মের সঙ্গে যৌনতাকে এমন ভাবে দেখানো হয়েছে যা অশোভনীয়।

এমনকি, ‘গারবেজ’ ছবিতে যৌনতার নানা দিক তুলে ধরতে এমন কিছু দৃশ্যের ব্যবহার করা হয়েছে যা আপত্তিকর বলে মনে করেছে সেন্সর বোর্ড। সেই কারণে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দেয়নি সেন্সর বোর্ড। বর্তমানে নেটফ্লিক্স থেকে দেখতে পাওয়া যায় ‘গারবেজ’ ছবিটি।

সুধাংশু সারিয়ার পরিচালনায় এবং প্রযোজনায় মুক্তি পায় রোম্যান্টিক ঘরানার ছবি ‘লভ’। ধ্রুব গণেশ এবং শিব পণ্ডিত নামের দুই অভিনেতা এই ছবিতে অভিনয় করেছেন।

২০১৫ সালে প্রথম ‘লভ’ ছবিটি এস্টোনিয়ার একটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। ২০১৬ সালে উত্তর আমেরিকার চলচ্চিত্র উৎসবের পাশাপাশি মুম্বই চলচ্চিত্র উৎসবেও ছবিটি দেখানো হয়।

‘লভ’ ছবিটিতে দুই সমকামী পুরুষের সম্পর্কের টানাপড়েন ফুটিয়ে তোলা হয়েছে। সেন্সর বোর্ড এই ছবিটি ভারতের কোনও প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দেয়নি। ২০১৭ সালের মে মাসে এই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পায়। কিন্তু ভারতীয় দর্শক এই ছবিটি দেখতে পাবেন না।

বলি পরিচালক অনুরাগ কাশ্যপের একটি ছবিও সেন্সর বোর্ডের তরফে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি। ২০০৩ সালে জার্মানির হামবার্গের চলচ্চিত্র উৎসবে প্রথম দেখানো হয় ‘পাঁচ’ ছবিটি।

অনুরাগের পরিচালনায় ‘পাঁচ’ ছবিতে অভিনয় করেছেন কেকে মেনন, আদিত্য শ্রীবাস্তব, জয় ফার্নান্ডেজ়, বিজয় মৌর্য এবং তেজস্বিনী কোলাপুরের মতো তারকা। পুণের জোশী-অভয়ঙ্কর হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে এই ছবির চিত্রনাট্য নির্মাণ করা হয়েছিল।

তবে ১৯৭৬-’৭৭ সালের হত্যাকাণ্ডের ঘটনা পর্দায় ফুটিয়ে তুলতে বহু জায়গায় অত্যধিক হিংসাত্মক দৃশ্যের ব্যবহার করা হয়েছে বলে মনে করেছে সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের মতে, এই দৃশ্যগুলি দর্শকের মনে খারাপ প্রভাব ফেলতে পারে, তাই প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দেওয়া হয়নি। বিদেশে যাঁরা নেটফ্লিক্স ব্যবহার করেন, তাঁরাই এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে দেখতে পান

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।