খুঁজুন
, ,

দরিদ্র পরিবার থেকে উঠে আসা নেহা কক্কর যেভাবে কোটিপতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 15 June, 2023, 2:07 am
দরিদ্র পরিবার থেকে উঠে আসা নেহা কক্কর যেভাবে কোটিপতি

বিয়ের তিন বছরও পার হয়নি। তার মধ্যেই বিচ্ছেদের সুরের গুঞ্জন শোনা যেতে শুরু করেছে বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কক্করকে ঘিরে। ৩৫ বছরে পা দেয়ার সঙ্গে সঙ্গে গায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে একরাশ জল্পনা তৈরি হয়েছে। তবে জল্পনা, বিতর্ক কি নেহার জীবনে এই প্রথম?

১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্ম নেহার। দুই ভাইবোন-সহ বাবা-মায়ের সঙ্গে একটি মাত্র ঘরে ঠাসাঠাসি করে থাকতেন গায়িকা। সুখ্যাতি হওয়ার পর বহু সাক্ষাৎকারেই নেহা জানিয়েছিলেন যে তাদের পরিবারের আর্থিক পরিস্থিতি ভাল ছিল না।

কক্কর পরিবারের অর্থাভাবের কারণেই নাকি নেহাকে জন্ম দিতে চাইছিলেন না গায়িকার মা। নব্বইয়ের দশকের গোড়ায় রোজগারের কারণে পরিবার-সহ দিল্লি চলে যান নেহা। একটি মাত্র ঘরে দুই ভাইবোন এবং বাবা-মায়ের সঙ্গে থাকতেন নেহা।

খুব কম বয়সেই নেহা বুঝে যান যে তাকে পরিবারের পাশে দাঁড়াতে হবে। চার বছর বয়স থেকে ভজন গাইতে শুরু করেন তিনি। সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, যে এক ঘরের ভাড়াবাড়িতে নেহার পরিবার থাকত, সেখানে আলাদা ভাবে কোনও রান্নাঘরও ছিল না।

ঘরের একটি টেবিলের উপর রান্নাবান্নার ব্যবস্থা করেছিলেন নেহার মা। শৈশব থেকেই কষ্ট করে বড় হয়েছেন নেহা। ভজন গাওয়ার সময় থেকে গানবাজনার প্রতি আগ্রহ জন্মায় নেহার।

কোথাও ছোটখাটো অনুষ্ঠান হলে সেখানেও গান গাইতেন নেহা। গানের প্রতি আগ্রহ থেকেই নেহা সিদ্ধান্ত নেন যে তিনি গানের রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করবেন।

২০০৪ সালে নেহা তার ভাই টোনি কক্করের সঙ্গে মুম্বাই চলে যান। মুম্বাই যাওয়ার দু’বছর পর ভারতের একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণও করেন তিনি।

নেহা ভেবেছিলেন এই শোয়ে নিজের সঙ্গীতপ্রতিভার মাধ্যমে শ্রোতাদের মন জয় করবেন তিনি। কিন্তু প্রতিযোগিতায় তার যাত্রা বেশি দিনের ছিল না। শুরুর দিকেই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যান ১৮ বছর বয়সি নেহা।

যে রিয়্যালিটি শোয়ের মাধ্যমে গায়িকা হিসেবে পরিচিতি গড়বেন ভেবেছিলেন, তা থেকেই বাদ পড়ে গিয়েছিলেন নেহা। কিন্তু এর ফলে দমে যাননি তিনি। আবার নতুন করে নিজের কেরিয়ার তৈরির পথ খুঁজে বার করেছেন নেহা।

২০০৮ সালে নেহা নিজের একটি গানের অ্যালবাম প্রকাশ করেন। সেই সময় টোনির সঙ্গে একটি মিউজিক অ্যালবামেও কাজ করেন তিনি।

২০০৯ সালে এ আর রহমানের সুরে ‘ব্লু’ ছবির একটি গানে গলা মিলিয়েছিলেন নেহা। সেই গানে সমবেত শিল্পীদের মধ্যে একটি কণ্ঠ ছিল নেহার।

২০০৯ সালে সম্প্রচারিত ‘না আনা ইস দেশ লাডো’ নামের হিন্দি ধারাবাহিকের গানে নিজের কণ্ঠ দেন নেহা। গানের পাশাপাশি অভিনয়ও শুরু করেন তিনি। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইসি লাইফ মে…!’ ছবিতে অভিনয় করেন নেহা।

হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির পাশাপাশি দক্ষিণী ফিল্মেও গানের সুযোগ পান নেহা। কন্নড় এবং তেলুগু ছবিতে গান গেয়ে দক্ষিণের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও সম্মানিত হন তিনি।

কপিল শর্মা এবং আলি আসগরের সঙ্গে হাস্যরস পরিপূর্ণ একটি শোয়ে অংশগ্রহণ করেন নেহা। ২০১২ সালে তার কেরিয়ারে নতুন মোড় নেয়। ‘ককটেল’ ছবিতে গান গেয়ে রাতারাতি নিজের পরিচিতি গড়ে ফেলেন নেহা।

তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি নেহাকে। একের পর এক হিন্দি ছবিতে গান গেয়ে চলেছেন তিনি। তার পাশাপাশি ইউটিউবে নিজস্ব চ্যানেলও খুলেছেন নেহা। সেখানে নিজের মিউজিক ভিডিও আপলোড করেন তিনি।

নেহা ও হিমাংশু

২০১৪ সালে অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নেহা। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে টেলিভিশনের পর্দায় তাদের সম্পর্ককে স্বীকৃতি দেন নেহা।

নেহা এবং হিমাংশু দু’জনেই বিয়ে করবেন বলে ঘোষণা করেন। কিন্তু বিয়ের ঘোষণা করার তিন মাস পর তাদের সম্পর্কে ছেদ পড়ে। সমাজমাধ্যমে নিজেদের বিচ্ছেদের কথা জানান গায়িকা।

২০২০ সালের ২৪ অক্টোবর নয়াদিল্লির গুরুদ্বারে পঞ্জাবি শিল্পী রোহনপ্রীত সিংহের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা। চণ্ডীগড়ে দেখা হয়েছিল নেহা আর রোহনের। প্রথম দেখাতেই প্রেম। নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রোহনও পেশায় গায়ক।

বর্তমানে ১০৪ কোটি টাকা সম্পত্তির মালকিন নেহা। প্রতি মাসে দু’কোটি টাকা উপার্জন করেন তিনি।

সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানপ্রতি ৯০ লাখ টাকা রোজগার করেন নেহা। এ ছাড়া ইউটিউব থেকে অতিরিক্ত আয় করেন তিনি। হিন্দি ছবিতে গানপ্রতি ১০ লাখ টাকা আয় করেন নেহা।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।