শেখ হাসিনাকে ‘সাহসী নারী’ বললেন যুক্তরাষ্ট্রের সাবেক আইনপ্রণেতা রবার্ট ল্যান্সিয়া
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সাহসী নারী’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা রবার্ট বি. ল্যান্সিয়া। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করে তাঁর প্রশংসা করেন ল্যান্সিয়া।
নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ল্যান্সিয়া লেখেন, একজন সাহসী নারী নিজের দেশের মানুষের জন্য ঝুঁকি নিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির বিখ্যাত বই Profiles in Courage-এর প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা সে সময়ের প্রেক্ষাপটে থাকলে বইটিতে স্থান পাওয়া ব্যক্তিদের একজন হতে পারতেন।
১৯৫৬ সালে প্রকাশিত Profiles in Courage বইয়ে জন এফ. কেনেডি রাজনৈতিক বিরোধিতা ও ব্যক্তিগত ক্ষতির আশঙ্কা সত্ত্বেও নীতিগত অবস্থানে অটল থাকা আটজন মার্কিন সিনেটরের ঘটনা তুলে ধরেছিলেন।
গত ৯ নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন। তাঁর আইনজীবীদের পাঠানো একটি চিঠির বরাতে এ তথ্য প্রকাশ করে সংবাদ সংস্থাটি। শেখ হাসিনা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণহানির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
এদিকে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং এর আইনি ভিত্তি রয়েছে কি না, তা যাচাই করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। অন্যদিকে, বাংলাদেশ সরকার তাঁকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে।
রবার্ট বি. ল্যান্সিয়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চ্যাপলেইন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজনীতিতে যুক্ত হন এবং রিপাবলিকান দলের হয়ে রাজ্য আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে তিনি অঙ্গরাজ্যটির দ্বিতীয় কংগ্রেসনাল আসনে রিপাবলিকান মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি।
বাংলাদেশের রাজনীতি নিয়েও ল্যান্সিয়ার আগ্রহ রয়েছে। ২০২৫ সালে ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন ও প্রিয়জিত দেবসরকারের সঙ্গে যৌথভাবে প্রকাশিত Bangladesh on the Brink, Bleeding Boundaries বইটির অন্যতম লেখক তিনি। বইটিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের ক্ষমতার পরিবর্তন এবং আঞ্চলিক ভূরাজনীতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

আপনার মতামত লিখুন