গ্রেপ্তার, নির্যাতন কিংবা মৃত্যুর ঝুঁকি থাকলেও ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্তে অনড় শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন। গ্রেপ্তার, কারাবাস, নির্যাতন কিংবা প্রাণহানির আশঙ্কা থাকলেও নিজ দেশে ফেরার পরিকল্পনা থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ অবস্থানের কথা জানান। তিনি বলেন, দেশে ফেরার পথে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, সে বিষয়ে তিনি সচেতন। তবু দেশের মানুষের কাছ থেকে দূরে থেকে বাকি জীবন কাটাতে চান না।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে একাধিকবার প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। তবে এখনো তাঁকে ফেরত পাঠানো হয়নি।
ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে ঠিক কবে এবং কীভাবে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ বা বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি তিনি।

আপনার মতামত লিখুন