খুঁজুন
, ,

ঢাকায় রাতভর আবাসিক হোটেল ও বাসাবাড়িতে অভিযান, বিএনপির কয়েকশ নেতাকর্মী আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 27 July, 2023, 1:22 am
ঢাকায় রাতভর আবাসিক হোটেল ও বাসাবাড়িতে অভিযান, বিএনপির কয়েকশ নেতাকর্মী আটক

এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান। এ বিষয়ে ডিবির অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, রাজধানীজুড়েই ডিবির বিভিন্ন টিম অভিযান চালাচ্ছে। মোট কতজন গ্রেফতার হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। কারণ অভিযান চলমান।

রাত ১টা ৩৫ মিনিটে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ঢাকা শহরজুড়ে বিএনপির ৫০টি থানা এলাকায় অভিযান চলছে। থানা পুলিশ এ অভিযান চালাচ্ছে। কোথাও কোথাও ডিবি থানা পুলিশকে সহযোগিতা করছে। গ্রেফতারকৃত কোনো আসামি ডিবি হেফাজতে নেই। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঝেমধ্যে বিশেষ অভিযান চালায়। এরই অংশ হিসাবে অভিযান চলছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালসহ ১৫৫ নেতাকর্মীকে হোটেল মিডওয়ে (নয়াপল্টন) থেকে রাতে তুলে নিয়ে গেছে পুলিশ। এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

বিএনপি সূত্র জানায়, মিরপুর থানা পুলিশ পাংশা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সবিজ রাজা, ছাত্রদল নেতা ইমরান হোসেন, কলিমহর ইউনিয়ন ছাত্রদলের জাহিদ হোসেন, মৌরাট ইউনিয়ন ছাত্রদলের কনকসহ ২০ জনকে গ্রেফতার করেছে। কলাবাগান থানায় গ্রেফতার হয়েছেন জয়পুরহাট জেলা শাখা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ ও ছাত্রদল নেতা মশিউর রহমান খন্দকার (এ্যালট)।

সরকার পতনের একদফা দাবিতে বৃহস্পতিবার বিএনপি ও সমমনা দল এবং জোটের পক্ষ থেকে রাজধানীতে ডাকা হয়েছিল মহাসমাবেশ। এর বিপরীতে সরকারদলীয় ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং সহযোগী সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

নির্বাচন কমিশন বাতিলসহ নানা দাবিতে এদিন বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া বিজয়নগরে প্রতিবাদী অবস্থান বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এবি পার্টি। ওইদিন বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করে জামায়াতে ইসলামী। একইদিনে কাছাকাছি সময়ে ও স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে তৈরি হয় উত্তেজনা।

এমন বাস্তবতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোকে কাঙ্ক্ষিত স্থানের বাইরে কর্মসূচি পালনের পরামর্শ দিয়ে কড়া সতর্কাবস্থান নেন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা। বুধবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান, তারা বৃহস্পতিবার কর্মসূচি পালন করবে না। শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে।

এই মহাসমাবেশে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ অ্যাকশনে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর কর্মসূচিকে ঘিরে কয়েকদিন ধরেই পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি সদর দপ্তরে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যাদের নামে মামলা আছে বা রাজনৈতিক দলের যেসব নেতাকর্মীর নামে ওয়ারেন্ট আছে তাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকায় ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

কর্মসূচিস্থল ও আশপাশসহ ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশি পোশাকের পাশাপাশি সাদা পোশাকে মাঠে নেমেছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। ইতোমধ্যে নজরদারি শুরু করেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুলিশের সাইবার ইউনিট চোখ রাখছে সাইবার জগতে। কেউ যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, শুধু পুলিশ নয়; আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে ইতোমধ্যে সমন্বয় সভা করেছি। কোনো ঘটনা ঘটলে র‌্যাব, বিজিবি এবং আনসারসহ মাঠে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি বলেন, কর্মসূচির দিন সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় মহানগরে অনেক জনসমাগম হবে। এ কারণে তীব্র যানজটে জনসাধারণের ভোগান্তি বাড়ার আশঙ্কা আছে। এই বিষয়টি বিবেচনায় নিয়েও নিরাপত্তা ছক প্রণয়ন করা হচ্ছে। তিনি আরও বলেন-হোটেল, রেস্টুরেন্টে যেন কোনো নাশকতাকারী বা অপরাধী চক্র লুকিয়ে থাকতে না পারে সেজন্য নজরদারি বাড়াতে বলা হয়েছে। ঢাকার বাইরে থেকে যেন কোনো অপতৎপরতাকারী ঢাকায় প্রবেশ করতে না পারে সে ব্যাপারেও মাঠপর্যায়ে সতর্ক করা হয়েছে।

অপরদিকে বিএনপির মহাসমাবেশকে ঘিরে প্রস্তুত করা এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলের নেতাকর্মীরা বড় ধরনের বাধার সম্মুখীন হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের ভাবমূর্তি বিনষ্টের অপতৎপরতা চালানো হতে পারে। মহাসমাবেশের মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক শোডাউনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন ও জনগণের কাছে একদফার গ্রহণযোগ্যতার বিষয়টি তুলে ধরবে। এক্ষেত্রে হরতাল-অবরোধের মতো সহিংস কর্মসূচির দিকে নাও যেতে পারে।

কর্মসূচিকে ঘিরে সারা দেশ থেকে ইতোমধ্যে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় এসেছেন। কর্মসূচিকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যেন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সেজন্য জঙ্গিগোষ্ঠীর ওপর সতর্ক নজরদারি প্রয়োজন বলেও গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়। এতে আরও বলা হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সুবিধাজনক স্থানে সন্দেহজনক যানবাহন তল্লাশির ব্যবস্থা রাখতে হবে।

 

 

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 3 October, 2026, 2:21 am
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা

রাজধানীর ঝিগাতলায় সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তার দাবি জানাতে গিয়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও একটি আবাসিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঝিগাতলার বড় মসজিদ সংলগ্ন এলাকায় সড়কে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতে গেলে ঝিগাতলার একটি আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার ও কয়েকজন কর্মচারী তাদের ওপর হামলা চালান।

ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করা হয়। তাদের মধ্যে একজনের মাথা ফেটে যায়। অন্য দুজনের শরীরেও আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া হামলার সময় এক শিক্ষার্থীর মুঠোফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলার অভিযোগও উঠেছে।

ঘটনাটি ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে একপর্যায়ে তারা ঝিগাতলায় জড়ো হন। পরে রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বড় মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেন।

এ সময় ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

শিক্ষার্থীরা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার বা কর্মচারীদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:15 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

দেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা বিক্রয়মূল্য লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে এসব জ্বালানির দাম ছিল যথাক্রমে ১১৫, ১৩৫, ১৪০ ও ১৪৫ টাকা।

 

আন্তর্জাতিক বাজারের প্রভাবে মূল্য সমন্বয়

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দেশে একই হারে দাম সমন্বয় করা হয়নি বলে জানিয়েছে বিভাগটি।

 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। সে সময় আন্তর্জাতিক বাজারের দরে প্রতি লিটার ডিজেল বিক্রিতে বিপিসির লোকসান হচ্ছিল প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

 

জ্বালানি বিভাগের হিসাব বলছে, নতুন মূল্য সমন্বয়ের ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হতে পারে।

 

পরিবহন ও নিত্যপণ্যের বাজারে প্রভাবের শঙ্কা

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি, সেচ এবং পণ্য পরিবহনের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে নতুন দাম কার্যকরের পর পরিবহন ভাড়া কিংবা পণ্যমূল্য কতটা বাড়বে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

নতুন দাম একনজরে

 

– ডিজেল: ১৩৫ টাকা প্রতি লিটার

– কেরোসিন: ১৫৫ টাকা প্রতি লিটার

– পেট্রোল: ১৬০ টাকা প্রতি লিটার

– অকটেন: ১৬৫ টাকা প্রতি লিটার

ইতি।

অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:03 pm
অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

কুমিল্লায় ১৩ বছর বয়সী স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়।

 

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দি দেওয়া তিন আসামি হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান। মামলার অপর আসামি মো. সিয়াম জবানবন্দি দেননি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জবানবন্দি গ্রহণের পর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টিও রয়েছে।

 

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যার অভিযোগ

 

পুলিশের তদন্তে উঠে এসেছে, অপ্রতীমের মায়ের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফোনটি নেওয়ার সময় বাধা দিলে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে পুলিশের দাবি।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিখোঁজের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাইফুল ইসলাম ওরফে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি তার বাসার খাটের তোশকের নিচ থেকে উদ্ধার করা হয়।

 

যেভাবে উদ্ধার হয় অপ্রতীমের মরদেহ

 

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকার গন্ধমতীতে ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়সংলগ্ন একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত অব্যাহত

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান। আদালতে দেওয়া জবানবন্দি, উদ্ধার করা আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ইতি/