খুঁজুন
, ,

আওয়ামী লীগ কখনো কোন আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়নি- আ.জ.ম. নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 10 July, 2023, 2:10 pm
আওয়ামী লীগ কখনো কোন আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়নি- আ.জ.ম. নাছির

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, যেকোন গণতান্ত্রিক বিশ্বে নির্বাচন হচ্ছে একটি সাংবিধানিক সংস্কৃতি। এই নির্বাচন কিভাবে হবে বা না হবে তার সিদ্ধান্ত নেবে দেশের সরকার, নির্বাচন কমিশন ও জনগণ। আজকে যেসকল ক্ষমতাধর দেশ বাংলাদেশের নির্বাচন ও অভ্যন্তরীন বিষয় নিয়ে নাক গলাচ্ছে সেসকল দেশে নির্বাচন কিভাবে হয় এবং নির্বাচনী সংস্কৃতি কেমন তা অবশ্যই তারা জানেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাদের এই নাকগলানোর বিষয়টি আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীল নকশার প্রতিফলন।

তিনি গতকাল রোববার রাতে লালখান বাজারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও ভ্রাত্রিপ্রতিম অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি বার বার আন্দোলনের ডাক দিয়ে কোথায় যেন হারিয়ে যায়। তারা সরকার পতনের তারিখও নির্ধারণ করে দিয়েছিল একাধিকবার। কিন্তু কখনো তাদের দুরবিসন্ধি সফল হয়নি এবং হবেও না। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই। কেননা আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম ও উত্থান হয়েছে। কোন অতীতে আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়নি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ে পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে দলকে সংগঠিত করে জনগণের ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের সাফল্য ও সফলতার বার্তাগুলো পৌঁছে দিতে পারলে কোন নির্বাচনে আওয়ামী লীগের নিশ্চিত বিজয় কেউ ঠেকাতে পারবে না। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর সভাপতিতে ও প্রচার দপ্তর উপ কমিটির সমন্বয়ক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, নির্বাচন আচরণবিধি অনুযায়ী এখনো প্রকাশ্যে ভোট চাওয়া ও নির্বাচনী প্রচারণার সুযোগ নেই। তবে ব্যক্তিগত পর্যায়ে ও ঘরে ঘরে গিয়ে আমরা ভোটারদের সাথে কথা বলে তাদের মন জয় করতে পারি। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমেরও একটি বড় ভূমিকা থাকতে পারে। যখন পর্যন্ত প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালনার সুযোগ না ঘটবে ততক্ষণ পর্যন্ত এভাবেই আমাদেরকে জনসম্পৃক্ততা মাধ্যমে ভোটারদের মন জয় করে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয় সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা ফয়সাল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের তারেক মাহমুদ পাপ্পু, শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দীন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার উদ্দীন আহমেদ, রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এ.এস.এম বজলুর রশিদ মিন্টু, আওয়ামী আইনজীবী পরিষদের মেজবাহ উদ্দীন চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, যুব ও মহিলা লীগের আহ্বায়িকা অধ্যাপিকা সায়েরা বানু রুশ্মি, যুগ্ম আহ্বায়িকা জাহানারা সাবের, নাজমা আক্তার মিতা, মৎস্যজীবী লীগের সভাপতি আমিনুল হক বাবুল সরকার, সাধারণ সম্পাদক এম.এ মোতালেব তালুকদার, মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক, কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হাসনাত চৌধুরী, মহানগর শ্রমিক লীগ সিবিএ নন সিবিএর সদস্য সচিব আবুল হোসেন আবু, জাতীয় মহিলা শ্রমিক লীগের সভাপতি নাসরিন আক্তার নাহিদা, সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম। একই সময়ে চট্টগ্রাম-১০ আসনের অন্তর্ভূক্ত আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, আপনারা যেহেতু জনপ্রতিনিধি সেহেতু জনগণের সমস্যার কথা ভালোভাবে জানেন। আপনারা যেহেতু নির্বাচন করে বিজয়ী হয়েছেন সেহেতু ভোটারদের সাথে আপনাদের সরাসরি যোগাযোগ রয়েছে। তাই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের সাফল্য ও অর্জন ও লক্ষ্য ও উদ্দেশ্যের কথা আপনারাই সরাসরি ভোটারদের কাছে পৌঁছে দিতে পারেন এই দায়িত্ব অবশ্যই আপনাদেরকে পালন করতে হবে। এছাড়াও ভোটারদেরকে ভোট কেন্দ্রে উপস্থিতির বিষয়টিও আপনাদেরকে অধিকতরভাবে গুরুত্ব দিতে হবে। এসময় কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মোর্শেদ আলম, অধ্যাপক মোঃ ইসমাইল, হাজী নুরুল আমিন, মোঃ ওয়াসিম উদ্দীন চৌধুরী, আবুল হাসনাত বেলাল, নামজুল হক ডিউক, আব্দুর সবুর লিটন, হাজী মোঃ ইলিয়াছ, সংরক্ষিত আসনের কাউন্সিলর, জেসমিন পারভিন জেসি, তসলিমা নূর জাহান রুবি, আঞ্জুমান আরা, জাহেদা বেগম পপি, হুরে আরা বিউটি প্রমুখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।