খুঁজুন
, ,

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এবং হাসপাতাল উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 July, 2023, 2:57 am
চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এবং হাসপাতাল উদ্বোধন

আন্তরিকতা থাকলে, একাগ্রতা থাকলে সবকিছু করা সম্ভব। নিজের কাজ মনে করলে তা আরো সহজ হয়ে যায়। গতকাল শনিবার সকালে নগরীর জাকির হোসেন রোডের সিএলএফ কমপ্লেক্সে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন। চক্ষু চিকিৎসা সেবায় আধুনিকায়ন ও দক্ষ চিকিৎসক গড়ার লক্ষ্যে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এই আই ইনস্টিটিউট এবং হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। ভূমিমন্ত্রী বলেন, এ কাজ আন্তরিকতা, একাগ্রতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আজকে এখানে এসে তা দেখতে পাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও এম এ লতিফ এমপি। সভাপতিত্ব করেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন আজাদী সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেক, ফার্স্ট ভাইস গভর্নর লায়ন কোহিনুর কামাল ও অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী।

ভূমিমন্ত্রী বলেন, লায়নিজমকে আমি মনে করতাম কেবল বসে বসে কথা বলা, খাওয়া দাওয়া করা ইত্যাদি। আমার এমন ধারণা ছিল। কিন্তু এটি আমার ভুল ধারণা ছিল। আমি সত্যি লজ্জিত। আই ইনস্টিটিউট এবং হাসপাতাল করা বিশাল কাজ উল্লেখ করে তিনি বলেন, সবার দ্বারা এ কাজ করা সম্ভব না। অবশ্য সরকারও করছে। সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টর, চ্যারিটি অর্গানাইজেশনগুলো এভাবে পাশে থাকলে অনেক কাজ হয়ে যায়। এটা সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হাসপাতাল একটি মহৎ কাজ উল্লেখ করে মন্ত্রী বলেন, আমার এলাকায় অনেক দৃষ্টি প্রতিবন্ধী আছে। আমি দেখেছি। আসলে মানুষের একটি পা যদি না থাকে, একটি হাত যদি না থাকে অনেক কষ্ট হয়। কিন্তু চোখ না থাকলে পৃথিবীতে তার আর কিছুই থাকে না। সারাজীবন তাকে কষ্ট বয়ে বেড়াতে হয়। আমার অবস্থান থেকে আমি সবসময় আপনাদের পাশে থাকব। আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের যা আছে, যার যতটুকু আছে, সেটা থেকে ব্যয় করে যাওয়ার চিন্তা করতে হবে। তিনি আরো বলেন, স্বল্পমূল্যে ও বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে আসা লায়ন্স চক্ষু হাসপাতালের মতো লায়ন্স আই ইনস্টিটিউটও চক্ষু চিকিৎসায় নতুন মাইলফলক স্থাপন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, দুটি চোখ যদি অন্ধ হয়ে যায় সে ব্যক্তির জন্য সব অন্ধকার। সে অন্ধ লোকদের আলো দেখার জন্য যারা কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা লায়নিজম করছেন, মানবতার সেবায় তারা জীবনকে উৎসর্গ করছেন। সকালে ভোরে দূরে চলে যাচ্ছেন রোগীদের সেবা করার জন্য। কতজন লোক পাবেন আরেকজনের সেবা করার জন্য ছুটছেন। আমি মনে করি, মানবতার সেবায় যারা নিয়োজিত, তারা আমাদের পথপ্রদর্শক। আমরা নিজেরা কত টাকা খরচ করছি, কিন্তু দশ হাজার টাকা খরচ করলে আরেকজন ব্যক্তি চোখে দেখবে সেটা আমরা করছি না। আপনাদের মাধ্যমে সমাজ আলোকিত হবে। বিত্তবানরা একটু একটু এগিয়ে আসলে সমাজ সুন্দর থাকবে।

এম এ লতিফ এমপি বলেন, আমি দেখি, আমার এলাকায় শত শত মানুষ দৃষ্টি প্রতিবন্ধী। যদি চোখের দৃষ্টি না থাকে, তাহলে সারা জীবন অন্ধকার। তিনি বলেন, দুনিয়া থেকে যাওয়ার আগে যতটুকু আছে তার থেকে কিছুটা ব্যয় করার চিন্তা করবেন। কালকের সকালটা আমাদের জন্য নাও আসতে পারে। আজকের কাজটা যেন আমরা আগামীকালের জন্য না রাখি।

আজাদী সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেক বলেন, আমরা এখানে যারা বসে আছি সবাই সৌভাগ্যবান। আমাদের উচিত বাইরে যারা রয়েছে তাদের জন্য কাজ করা, তাদের নিয়ে চিন্তা করা। একজন রিকশা চালকের কথা বলতে গিয়ে তিনি বলেন, একদিন এক রিকশা চালকের চাল পড়ে গিয়েছিল। আমার ছেলে তা দেখে ছুটে গিয়েছে। চালগুলো কুড়িয়ে দিয়েছে। তাকে কিছু টাকাও দিয়েছে। এটিই হচ্ছে লায়নিজম। এম এ মালেক বলেন, একদিন এক অনুষ্ঠানে আমাকে একজন জিজ্ঞেস করেছেন, কিভাবে একুশে পদক পাওয়া যায়? আমি তাকে বলেছি, কাজ; সেটা যে কাজই হোক না কেন ভালো করেই করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার এম আই খান, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন এমএম সামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনচারী, লায়ন কামরুন মালেক, লায়ন আল সাদাত দোভাষ ও লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী।

উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব আগ্রাবাদের প্রজেক্ট হিসেবে পরিচালিত ভবনটি সাবেক গভর্নর লায়ন এম আই খান এবং উনার পুত্র লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ চিটাগাং লায়ন্স ফাউন্ডেশনকে (সিএলএফ) দান করেছেন। ভবনটি পাওয়ায় লায়ন্স আই ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহজ হয়েছে বলে জানানো হয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।