খুঁজুন
, ,

ফটিকছড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওযার পথে হেয়াকোঁ বাজারে বিএনপি গাড়ীবহর আওয়ামী লীগের হামলা, আহত শতাধিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 3 July, 2023, 2:55 pm
ফটিকছড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওযার পথে হেয়াকোঁ বাজারে বিএনপি গাড়ীবহর আওয়ামী লীগের হামলা, আহত শতাধিক

ফটিকছড়িতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের হেয়াকোঁ বাজারে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০০ জনের মত আহত হয়েছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ীও ভাংচুর করা হয়। সংঘর্ষের জন্য বিএনপি ও আওয়ামীলীগ পরস্পরকে দায়ী করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উত্তর জেলা বিএনপি নেতা সরোয়ার আলমগীরের সমর্থক নেতাকর্মীরা প্রায় দুইশত মোটরসাইকেল বহর নিয়ে হেয়াকোঁ চৌধুরী পাড়ায় বিএনপি নেতা কামাল চৌধুরীর বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। তাদের গাড়ীবহর হেয়াকোঁ বাজারে পৌঁছালে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদেরকে ধাওয়া দেয়।পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায় বলে জানাগেছে।এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আওয়ামী লীগ কর্মীরা বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিভিন্ন আহ্বায়ক সারোয়ার আলমগীর বলেন, আমাদের নেতাকর্মীদের নিয়েই আমরা একটা দাওয়াতে যাচ্ছিলাম।এ সময় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে। আমাদের অনেক নেতা কর্মী আহত হয়েছেন। অনেক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহত অনেক নেতাকর্মী হাসপাতালে রয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

সংঘর্ষের সময় হেয়াকোঁ-ফটিকছড়ি চট্টগ্রাম সড়ক ও ফেনী-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতংকিত হয়ে যাত্রী ও সাধারণ মানুষ এদিক-সেদিক ছুটোছুটি করতে থাকে। মুহুর্তের মধ্যে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পিছু হটে নারায়নহাট এলাকায় গিয়ে অবস্থান নেয়।

দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সেলিম সরকার বলেন, বিয়ে অনুষ্ঠানে যাওয়ার সময় হেয়াকোঁ বাজারের মোড়ে বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর শ্লোগান দিতে থাকে। এসময় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা কর্মীরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় উভয় পক্ষকে অনুরোধ করে পরিস্থিতি কিছুটা শান্ত করা হয়।

ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক একরামুল হক বলেন, হেয়াকোঁতে কামাল চৌধুরীর বাড়ীতে দাওয়াতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত দেড় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া বেশ কিছু গাড়ীও ভাংচুর করা হয়েছে।

এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, বিএনপি নেতা সরোয়ার আলমগীর কয়েকশত মোটরসাইকেলের বহর নিয়ে হেয়াকোঁতে একটি দাওয়াতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বিএনপি নেতা সরোয়ার আলমগীর এতগুলো গাড়ী বহর নিয়ে আসার বিষয়টি পুলিশকে আগে থেকে অবহিত করেননি।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীরা হেয়াকোঁ বাজারে অবস্থান নিয়ে মিছিল করছিল। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।