খুঁজুন
, ,

বিএনপির নেতারা কে কোথায় ঈদ করবেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 27 June, 2023, 2:14 pm
বিএনপির নেতারা কে কোথায় ঈদ করবেন

এদিকে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দলের চট্টগ্রামের নেতারা কে কোথায় ঈদ করবেন সে সম্পর্কে জানা গেছে। যদিও দলের নেতা-কর্মীদের মধ্যে তেমন আনন্দ-উৎসব নেই বলে জানায় দলটির বিভিন্নস্তরের নেতারা। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় অনেকটা অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন।
তবে প্রতি বছরের মতোই চট্টগ্রামের বিএনপির নেতারা নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। ঈদ উপলক্ষে গ্রাম এবং শহরের বাসা-বাড়িতে তাঁরা দলের নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নগরের উত্তর কাট্টলীর বাড়িতে ঈদের নামাজ আদায় করে গরু কোরবানি দিবেন। সন্ধ্যায় নগরের মেহেদীবাগস্থ বাসায় দলের নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আবদুল্লাহ আল নোমান :

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান নগরের জমিয়তুল ফালাহ্ মসজিদে ঈদ-উল আযহার নামাজ আদায় করবেন। ঈদের দিন রাউজান উপজেলায় গ্রামের বাড়িতে ও ঈদের পরদিন নগরের কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসায় তিনি কোরবানি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মীর মোহাম্মদ নাছির উদ্দীন :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন নগরের জমিয়তুল ফালাহ্ জামে মসজিদে ঈদ-উল আযহার নামাজ আদায় করবেন। নামাজ শেষে গ্রামের বাড়ি হাটহাজারীর মীর বাড়িতে যাবেন। সেখানে মা-বাবা ও আত্মীয়-স্বজনের কবর জেয়ারত শেষে কোরবানি দিবেন। সন্ধ্যায় নগরের চট্টেশ্বরী রোডের বাসায় দলের নেতা-কর্মীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।


গোলাম আকবর খোন্দকার

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলের উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার এবার ঈদ আযহা উদযাপন করবেন গ্রামের বাড়ি রাউজানের গহিরা গ্রামে। সেখানে ঈদের নামাজশেষে কোরবানি দিবেন। এরপর সন্ধ্যায় নগরীর বেভারলি হিল আবাসিকের বাসায় ফিরে দলের নেতাকর্মী ও সুধিজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

মাহবুবের রহমান শামীম :

চট্টগ্রাম বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম নগরের মাদারবাড়ি জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। বাসায় গরু কোরবানি দিবেন। ঈদের দিন বিকেলে বাসায় দলের নেতা-কর্মীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন তার বাকলিয়া ডিসি রোড়স্থ নিজ বাড়ির মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর তিনি বাসভবনে দলের নেতাকর্মীসহ এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আবুল হাশেম বক্কর :

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নগরের বাটালী রোডের বাসভবনে তিনি গরু কোরবানি দিবেন। ঈদের দিন বিকেলে বাড়িতে দলের নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আবু সুফিয়ান :

দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক আবু সুফিয়ান নগরের জমিয়তুল ফালাহ্ জামে মসজিদে ঈদ-উল আযহার নামাজ আদায় করবেন। চান্দগাঁও আবাসিকের বাসায় তিনি কোরবানি দিবেন। ঈদের দিন বিকেলে নেতা-কর্মী ও এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।