খুঁজুন
, ,

কর্মসংস্থানের খোঁজে হিমশিম খাচ্ছে চীনের তরুণরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 21 June, 2023, 1:38 pm
কর্মসংস্থানের খোঁজে হিমশিম খাচ্ছে চীনের তরুণরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে বিশ্ব অর্থনীতি এখন অনেকটাই অস্থিতিশীল। পাশাপাশি কর্মসংস্থান সংকটও বিরূপ প্রভাব ফেলছে। এদিক থেকে কঠিন পরিস্থিতিতে চীনের তরুণরা। বিশ্ববিদ্যালয়জীবন শেষে কর্মজীবনে প্রবেশের ইচ্ছা থাকলেও দেশটিতে বেকারত্বের হার চরম পর্যায়ে। খবর এফএমটি।

কভিড-১৯ মহামারীর কঠোর বিধিনিষেধ কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে চীন সরকার। ঠিক সে সময় বিশ্লেষকরা নতুন সতর্কবার্তা দিয়েছেন। চলতি গ্রীষ্মে বেকারত্বের হার আরো বাড়তে পারে। ভালো বেতনের চাকরি বর্তমানে তেমন একটা নেই। যে কারণে অনেক তরুণ বিশ্ববিদ্যালয়ে থেকে যাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে। অন্যরা সরকারি পর্যায়ে খণ্ড বা স্বল্পকালীন চাকরিতে যোগদানের চেষ্টা চালাচ্ছে। কেননা বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ একেবারে নেই বললেই চলে।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে সম্প্রতি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন চীনা শিক্ষার্থী স্যাম্পসন লি। চাকরির সন্ধানে বেশ সময় ব্যয় করার পর ডক্টরেট ডিগ্রির জন্য আবেদন করেন। ২৪ বছর বয়সী এ তরুণ জানান, তিনি চীনের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত শেনজেনে একটি বড় প্রযুক্তি কোম্পানিতে তিন দফায় সাক্ষাৎকার দিয়ে পাসও করেছেন। কিন্তু এরপর নিয়োগ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে বলে জানানো হয়। লি বলেন, ‘‌অন্য তিনটি কোম্পানি প্রতিযোগিতামূলক বাজারের তুলনায় কম বেতনে কাজ করার কথা জানিয়েছে। কিন্তু এত কম বেতনে শহরে অবস্থান করা সম্ভব না।’

সম্প্রতি দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো মে মাসে বেকারত্বের হার নিয়ে তথ্য প্রকাশ করেছে। তথ্যানুয়ায়ী ১৬-২৪ বছর বয়সী তরুণদের বেকারত্বের হার ২০ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে। এপ্রিলে এ হার ছিল ২০ দশমিক ৪ শতাংশ। ম্যাককুয়ারি গ্রুপের প্রধান অর্থনীতিবিদ ল্যারি হু সতর্ক বার্তায় জানান, আগামী জুলাইয়ে বেকারত্বের হার আরো বাড়তে পারে। কেননা সে সময় আরো ১ কোটি ১৬ লাখ গ্র্যাজুয়েট চাকরির সন্ধানে বাজারে আসবেন।

এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‌গ্রাহক চাহিদা কম থাকায় কোম্পানিগুলো বেশি কর্মী নিয়োগ দিতে চাচ্ছে না। অন্যদিকে শ্রমবাজার দুর্বল থাকায় ভোক্তারাও ব্যয়ে অনাগ্রহী। এ কারণে বর্তমান পরিস্থিতি দোদুল্যমান।’

এপ্রিলে কাউন্সিল সম্মেলনে চীনের প্রিমিয়ার লি কিয়াং তরুণদের জন্য স্থিতিশীল কর্মসংস্থান পরিবেশ তৈরির অঙ্গীকার করেছিলেন। তিনি বলেন, ‘উৎপাদন থেকে শুরু করে বিদেশী বাণিজ্যিক কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে পরিবর্তন আনতে হবে এবং বাজারের চাহিদা অনুযায়ী ভোকেশনাল শিক্ষা ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’

চীনের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকার থেকে যে উদ্দীপনামূলক উদ্যোগ নেয়া হয়েছিল সেগুলোও ব্যর্থ হয়েছে। এর মধ্যে চাকরির বাজার চাঙ্গা করার বিষয়ও রয়েছে। একটা পর্যায়ে চীনের প্রাইভেট খাত সবচেয়ে বেশি অগ্রসর ছিল। কিন্তু দেশটির আবাসন খাতের কোম্পানি, প্রযুক্তি জায়ান্ট ও প্রাইভেট টিউটরিং ফার্মের ওপর সরকার ও নিয়ন্ত্রক সংস্থার বিধিনিষেধ ও নজরদারি প্রবৃদ্ধি কমিয়ে দিয়েছে।

লন্ডনভিত্তিক থিংক ট্যাংক চাথাম হাউজের চীনা সিনিয়র গবেষক ইউ জি বলেন, ‘‌বেইজিং রাষ্ট্রীয় অর্থনীতি পরিচালনা করলেও শহরের ৮০ শতাংশ কর্মসংস্থানের সুযোগ প্রাইভেট কোম্পানিই দেয়। যেসব তরুণ কম বেতনে বেশি সময় কাজ করতে চায় তাদের জন্য এ খাতগুলো টিকে আছে।’

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।