খুঁজুন
, ,

স্মার্ট বাংলাদেশ বেশি দূরে নয়: চসিক মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 20 June, 2023, 11:50 am
স্মার্ট বাংলাদেশ বেশি দূরে নয়: চসিক মেয়র

একদিন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেদিন আর বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে কাজীর দেউড়ির সেনা কল্যাণ সংস্থা কনভেনশন হলে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, একসময় যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন ডিজিটাল বাংলাদেশ করার প্রত্যয় ঘোষণা করেছিলেন। আজ সবাই সুফল ভোগ করছে।
এখন সেকেন্ডে টাকা চলে যাচ্ছে স্বজনের হাতে। আমরা সামনের দিকে যাচ্ছি। পৃথিবী চলছে রকেটের গতিতে। আমরা পিছিয়ে থাকা যাবে না। চট্টগ্রামে এবার ডিজিটাল হাটের সূচনা হচ্ছে দুইটি হাট দিয়ে।

আগে অনেক গরুর বেপারি সর্বস্বান্ত হয়েছিলেন। অনেক ক্রেতা গরু কেনার টাকা হারিয়েছেন। এখন ডিজিটাল লেনদেনে ঝুঁকি থাকবে না। আমরা স্থায়ীভাবে এটিএম বুথ বসানোর কাজে সহায়তা করবো। মানুষ নগদ টাকা নিয়ে চিন্তায় পড়তে হবে না। নকল টাকা বড় সমস্যা। বহদ্দারহাট আমার বাড়ব। এক গরুর বেপারি কাঁদতে কাঁদতে বললো পঁচিশ হাজার টাকা নকল।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের বড় বিষয় স্মার্ট অটোমেশন। ২০২৭ সালে ক্যাশলেস বাংলাদেশ হবে। বাংলাদেশ ব্যাংক আমাদের পেমেন্ট সিস্টেম স্মার্ট করতে অনেক কাজ করেছে। কোরবানির হাটকে ঘিরে স্মার্ট লেনদেনের ব্যবস্থা থাকবে। সবাইকে জাল টাকা পরীক্ষা করে দেওয়া হবে। পশুর হাট যতদিন চলবে ততদিন বুথ থাকবে। সাদা পোশাকে পুলিশ থাকবে। ব্যাংকাররা সহযোগিতার জন্য পুলিশের সাহায্য নিতে পারবেন। ভিজিল্যান্স টিম থাকবে তাৎক্ষণিক সমাধান দিতে। চট্টগ্রামে দুইটি হাটে আমরা সফল হবো আশাকরি। খামারি ও বেপারিরা যাতে ব্যাংক হিসাব খুলে হাটে আসেন এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করার অনুরোধ জানাব। তাহলে টাকা প্রপার চ্যানেলে লেনদেন হবে। তাহলে ইকোনমি সচল থাকবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুনতাসিম বিল্লাহ বলেন, আমরা ২০২২ সালে ভালো সাড়া পেয়েছি। চট্টগ্রামে ৫০ কোটি টাকা ডিজিটাল লেনদেন কঠিন হবে না। এটি ব্যাংকের জন্য লাভজনক নয়। যে গরুর খামারি হাটে আসবে তাদের তালিকা করে হিসাব খুলে প্রশিক্ষণ দিচ্ছি। তাদের আস্থা তৈরির চেষ্টা করছি। যদি কারও হিসাব না থাকে তাহলে বুথ থাকবে। নির্দিষ্ট হাটে কার্ড দিয়ে পশু কিনতে পারবে। জাল টাকার ঝুঁকি থাকবে না। খামারিরা প্রতারিত হবে না। স্মার্ট বাংলাদেশে কোনো ঝুঁকি থাকবে না। ডিজিটাল লেনদেনের অনেক বিকল্প আছে। আশাকরি পরের বছর চট্টগ্রাম শহরের সব পশুর হাট স্মার্ট হাটে রূপান্তর হবে।

প্রাণিসম্পদ পরিচালক আশরাফুল আলম বলেন, বাংলাদেশ ব্যাংক ভালো উদ্যোগ নিয়েছে। অনেক সময় খামারিরা লেনদেন, টাকা বাড়ি নেওয়ার সমস্যায় পড়তেন। ছিনতাই, চুরির শঙ্কা থাকতো।

স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট কর্মসূচি তাদের উপকারে আসবে। এখন আমরা কোরবানির পশুর চাহিদা নিজেরাই পূরণ করতে পারছি। আমরা স্বল্প খরচে বেশি উৎপাদন, নিরাপদ আমিষের চাহিদা পূরণে কাজ করছি। কোরবানির হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিম থাকবে। মেধাবী জাতির জন্যে প্রাণিজ আমিষের বিকল্প নেই।

ইসলামী ব্যাংকের নুরুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংক তিন কোটি কাস্টমারের ব্যাংক। স্মার্ট হাটের লিড ব্যাংক হিসেবে আমরা প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ করেছি। অ্যাকাউন্ট ছাড়া টাকা লেনদেনের জন্য মোবাইলে সেলফিন চালু রয়েছে আমাদের ব্যাংকে।

ইউসিবির আশরাফুল আলম বলেন, সরকারের উদ্যোগ সফল করতে আমরা কাজ করছি। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা আমরা প্রতিনিয়ত পাচ্ছি। আশা করি আমরা সফল হবো।

এতে সঞ্চালনা করেন মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার মো. কামাল।

১০টি ব্যাংক, ৪টি এমএফএস স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট কার্যক্রমে অংশ নিচ্ছে। ঢাকায় ২০২২ সালে এ কার্যক্রম চালু হয়। এবার চট্টগ্রামের সাগরিকা ও নূর নগর হাউজিং সোসাইটি পশুর হাট এ প্রকল্পে যুক্ত হচ্ছে। এ বছর চারটি হাটে ডিজিটালি দেড়শ কোটি টাকার লেনদেনের আশা সংশ্লিষ্টদের।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।