খুঁজুন
, ,

আরেকটি যেনতেন প্রকারের নির্বাচনের পায়তারা করছে আঃলীগ-ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 18 June, 2023, 2:18 pm
আরেকটি যেনতেন প্রকারের নির্বাচনের পায়তারা করছে আঃলীগ-ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি এখন চালকের আসনে বসে আছে।জনগণ চাইলে এই টালমাটাল দুর্নীতিবাজ সরকারকে যেকোনো মুহূর্তে গদি ছাড়া করতে পারেন। কারন তাদের সাথে এখন জনগণ নেই। আছে কিছু দুর্নীতিবাজ ও সন্ত্রাসী। এই দুই ভাগ লোক দিয়ে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না। তাই জনগণের প্রতি তাদের বিশ্বাস নাই বলেই আরেকটি যেনতেন প্রকারের নির্বাচনের পায়তারা চালাচ্ছে।তারা আবার নতুন করে গায়েবী আসমানী মামলা দেওয়া শুরু করেছে। এ মামলায় আসামী করা হচ্ছে যারা মৃত্যুবরণ করেছে, বিদেশে আছে এবং জেলে আছে তাদেরকে। ২০১৮ সালেও রাত্রে বজ্রপাত হয়েছে আর সকালে মামলা দিয়েছে বোমা ফাটিয়েছে বলে। আজকে জনগণের মৌলিক অধিকার নিঃশেষ হয়ে গেছে। মানুষ পিছু হটতে হটতে এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মানুষ এখন সামনের দিকে আগাচ্ছে, জেগে উঠেছে।

তিনি রবিবার (১৮ জুন) বিকালে পাহাড়তলী সাগরিকা স্কয়ারে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ১০ দফা দাবীতে চট্টগ্রাম মহানগর মোটর চালকদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, এই অনির্বাচিত সরকার কিশোর গ্যাং এর জন্ম দিয়েছে। তারা এখন যেকোন জায়গায়, যেকোন সমাবেশে ডুকে পড়ছে। সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। নৈতিক অবক্ষয়ের কারণে গত চসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এক ভাই আরেক ভাইকে খুন করেছে। মিরেশ্বরাইের ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীরা উঠিয়ে নিয়ে গিয়ে নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাটিয়ে দিয়েছে। রাষ্ট্রযন্ত্র এখন আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে। তাদের একপেশে নীতির কারণে মানুষ এখন অসহায়। তাই চালকদলের নেতাকর্মীদেরকে জেগে ওঠতে হবে। অধিকার আদায়ের আরেকটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে অবহেলিত শ্রমিক সমাজ। শ্রমিকদের দুবেলা খাওয়ার সুযোগ নেই। আজকে শ্রমিকদের কর্মসংস্থান ও বাসস্থান নেই। অথচ শ্রমিকদের কারণে বাংলাদেশ ঠিকে আছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শ্রমিক সমাজের ভূমিকা আন্দোলনকে সফল করেছিল। বর্তমান ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে শ্রমিকদেরকে কঠিন আন্দোলনে শরিক হতে হবে।

চট্টগ্রাম মহানগর মোটর চালক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন মুন্নার পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, বিভাগীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, হালিশহর থানা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন ঢেপটী। বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আলী হায়দার, মো. শফিউল্লাহ, বিভাগীয় মোটর চালক দলের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, মহানগর সিএনজি চালক দলের সভাপতি নুর মিয়া মধু, সাধারণ সম্পাদক মো. শিপন, থ্রি হুইলার চালক দলের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সি. সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক আবদুল আহাদ রিপন, মহিলাদলের যুগ্ম সম্পাদক জাহানারা বেগম, চালকদলের সি. সহ সভাপতি মো. হাশেম, যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম, ডবলমুরিং থানার সভাপতি মো. সবুজ, পাহাড়তলী থানার সভাপতি জাকির হোসেন মিন্টু, মো. মানিক প্রমূখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।