খুঁজুন
, ,

সাংবাদিক হেনস্তার অভিযোগ চবি ছাত্রলীগ সভাপতির ৪ অনুসারীর বিরুদ্ধে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 18 June, 2023, 10:54 am
সাংবাদিক হেনস্তার অভিযোগ চবি ছাত্রলীগ সভাপতির ৪ অনুসারীর বিরুদ্ধে

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তার ঘটনায় ছাত্রলীগের ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

রোববার (১৮ জুন) দুপুরে চবি প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বরাবর এ অভিযোগ দেওয়া হয়।

অভিযোগ পত্রে বলা হয়, গত শুক্রবার (১৬ জুন) বেলা ১১টার দিকে কলা ও মানববিদ্যা অনুষদের দুই নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নির্বাচনে বাধা দেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নূর উদ্দিন খান, শেখ আহাম্মদ, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরমান হোসেন রোমান এবং ছাত্রলীগ কর্মী মো. তামজিদুল ইসলাম। এছাড়া শাখা ছাত্রলীগের ভিএক্স গ্রুপের অনুসারী ও ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইমরান বিন হামিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই সেশনের শিক্ষার্থী কাজি মেহেদী হাসানসহ বেশ কয়েকজন তাদের সহযোগী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।

এসময় ঘটনার ভিডিও ফুটেজ ধারণ না করা সত্ত্বেও নূর উদ্দিন খান একজন সাংবাদিককে ‘ভিডিও কেন করছো?’ বলে মোবাইল চেক করতে চাইলে ওই সাংবাদিক প্রতিবাদ জানান। পরে নুর উদ্দিন ও তার অনুসারীরা সাংবাদিকের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে হেনস্তা করেন।

এরপর পুরো ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহকালে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে চবি ছাত্রলীগের এসব কর্মীরা অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় সাংবাদিকদের কুরুচিপূর্ণ মন্তব্য করে হেনস্তা করা হয়।

অভিযোগ পত্রে আরও বলা হয়, নূর উদ্দিন খানসহ অভিযুক্তদের নামে এর আগেও শিক্ষার্থীদের জিম্মি করা, মোবাইল চেক করে হুমকিধামকিসহ বিভিন্নভাবে চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে। তারা সকলেই শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। বিষয়টি রুবেলকে জানানো হলে তিনি দেখবেন বললেও এরপর তাকে আর মুঠোফোনে পাওয়া যায়নি। আমরা মনে করি রেজাউল হক রুবেলের পরোক্ষ মদদেই তারা এরকম ঘৃণ্য ও অস্বাভাবিক আচরণ করার সাহস পেয়েছে।

এ ধরনের ঘৃণ্য আচরণ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নষ্টের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে। তাই আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

সাংবাদিকদের হেনস্থায় জড়িতরা হলেন- ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের ২০১৫-১৬ সেশনের নূর উদ্দিন খান। রাজনীতি বিজ্ঞান বিভাগের একই সেশনের শেখ আহাম্মদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আরমান হোসেন রোমান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী মো. তামজিদুল ইসলাম।

প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে রেজিস্ট্রার বরাবর একটি তদন্ত কমিটি গঠনের জন্য জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান বলেন, এর আগেও বিভিন্ন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরায়া। অধিকাংশ ঘটনার বিচার হলেও কিছু ঘটনার বিচার নিশ্চিত না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমরা লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার বিচার নিশ্চিত করবে।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।