খুঁজুন
, ,

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর জাতির হৃদয়ে রক্তক্ষরণ: ড. অনুপম সেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 16 June, 2023, 2:48 pm
বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর জাতির হৃদয়ে রক্তক্ষরণ: ড. অনুপম সেন

জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুক্তিযুদ্ধের দেয়ালচিত্র ভাঙচুরের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে অপরাজেয় বাংলা চট্টগ্রাম মহানগর। শুক্রবার (১৬ জুন) বেলা ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ড. অনুপম সেন বলেন, বিশ্বনেতারা পরাশক্তি আমেরিকাকে নিয়ে কথা বলতে যেখানে সাহস করে না। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহস করে জাতিয় সংসদে বলছেন কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব আমরা মেনে নেবনা।
আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশ ‘খাদ্য থাকলে আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না’। আমরা অদম্য জাতি যেকোনো কিছুর বিনিময়ে আমরা মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াবই।

তিনি আরও বলেন, বিএনপির সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে বাঙালি জাতির হৃদয়ে রক্তক্ষরণ করেছে। বাংলাদেশে জনগণ আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে গণরায় দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে বিএনপিকে উচিত জবাব দেবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতি নুরুল আজিম রনি বলেন, জামালখানের ভাঙচুরের ঘটনাকে ভিন্নপথে নিতে বিএনপি একটি প্রেসরিলিজ দিয়েছেন। আমরা স্পষ্টভাষায় বলতে চাই- আমরা চাইলে বিএনপি নেতাদের ঘরের একটি একটি করে ইট খুলে আনতে পারতাম। কিন্তু আমরা আইনের শাসনে বিশ্বাসী। তাই ন্যাক্কারজনক ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

মানববন্ধনে একাত্মতা জানিয়ে যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী বলেন, এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটলে এখন থেকে আর প্রতিবাদ প্রতিরোধ শান্তি মিছিল করব না; বিএনপি নেতাদের বাড়ি ঘরে সরাসরি হামলা করব।

যুবলীগ নেতা আকতার হোসেন সৌরভ বলেন, আমাদের বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে আমরা এখন কোন পক্ষে যাব। তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি এখন স্লোগান হচ্ছে “ট্যাক ব্যাক বাংলাদেশ” ট্যাক ব্যাক বাংলাদেশ মানে কি বিএনপির দশ ট্রাক অস্ত্র, সিরিজ বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা?

মানববন্ধনে আরও বক্তব্য দেন ডা. উজ্জ্বল কান্তি দাশ, অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস, আবদুল্লাহ আল তানিম, রকিবুল ইসলাম সেলিম, রেজাউল করিম রিপন, মেহেদী হাসান, ফয়সাল রফিক, আরাফাত ফয়সাল, কুতুব উদ্দিন, আমজাদ চৌধুরী, মো: আশিকুন্নবী, সৌমিত বড়ুয়া, সাইফুল ইসলাম মারুফ, জিএস আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, মাহমুদুল করিম, এম আর হৃদয়, শাহাজাদা চৌধুরী, মো. শাহেদ, আরিফ হোসেন, ইসমেইল হোসেন তারেক, মিজানুর রহমান রহিম, তানবীর মেহেদী মাসুদ, মায়মুন উদ্দিন মামুন, আনোয়ার পলাশ, হায়দার আলী সাদ্দাম, ঐশিক পাল জিতু, ইনজামাম ইমু, নোমান চৌধুরী রাকিন, আরাফাত হোসেন, জাহিদ হাসান সাইমুন, আবদুল্লাহ আল সায়মুন, হাসমত খান আতিফ, তানভীর হোসেন,জহিরুল ইসলাম, মুহাম্মদ হানিফ সুমন, সাজ্জাদুল ইসলাম সোহাগ, সাইদ বিন আবদুল্লাহ নাহিদ, শাকিল মাহামুদ, সাফায়েত ফাহিম, আবু হানিফ সৌরভ, যুবরাজ দাস, আরিফুল্লাহ ওয়াহেদী, শ্রমিকলীগ নেতা সোহেল মাহামুদ সেলু, মুহাম্মদ ফারুক ও মুহাম্মদ স্বপন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।