খুঁজুন
, ,

এ বার বাড়ছে বিয়ের খরচ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 16 June, 2023, 3:36 am
এ বার বাড়ছে বিয়ের খরচ
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বিয়ের খরচ আরও বাড়িয়ে দিচ্ছে। বাজেটে বিয়ের প্রসাধনীতে ১৭ শতাংশ শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদে বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বিদেশি কসমেটিকস আমদানিতে আগে শুল্ককর ছিল ৩ শতাংশ। এখন থেকে তা হবে ২০ শতাংশ। এতে করে বিদেশি সাবান, অর্গানিক সার্ফেস অ্যাক্টিভ উপকরণ, বার কেক ও বিভিন্ন সাবান তৈরির উপকরণ, ওয়াশিং ক্রিম, ডিটারজেন্ট, লিকুইড সাবান, লিকুইড ক্রিম এবং বিয়ের উপকরণের দাম বাড়বে।
বেসরকারি প্রতিষ্ঠানে  কাজ করেন নুরুল ইসলাম । বিশ্ববিদ্যালয় থেকেই তাদের পরিচয়। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তারা। তাদের এই সম্পর্কের কথা জানে দুই পরিবারই। বিয়ের জন্য চাপও দেওয়া হচ্ছে পরিবার থেকে। কিন্তু শিগগিরই বিয়ে করতে চান না তারা।
কেন করতে চাচ্ছেন না জানতে চাইলে ইসলাম  বলেন, হুটহাট চাইলেই তো আর বিয়ে করা যায় না। অনুষ্ঠান করতে হয়, পোশাক কিনতে হয়, গহনা কিনতে হয়। আরও কত খরচ আছে। হাতে কিছু টাকা না জমিয়ে তো আর বিয়ে করা সম্ভব নয়। আমরা দুজনই সিদ্ধান্তৃ নিয়েছি ভালো ক্যারিয়ার গড়ে তারপর বিয়ে করব। যেন স্বাচ্ছন্দ্যে বিয়ের আয়োজন করতে পারি। এমন কথা আরও অনেক প্রেমিকযুগলই বলেছেন। সবার প্রায় একই কথা, বিয়েতে অনেক খরচ। ভালো ক্যারিয়ার না গড়ে বিয়ে করার চিন্তা করছেন না তারা।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বশির উদ্দিন বলেন, আমাদের কেনাবেচা নেই, আয় নেই, এমনিতেই কষ্টের মধ্যে আছি। তার ওপর বিয়ের প্রসাধনীতে ২০ শতাংশ শুল্ক আরোপ করলে ব্যবসায়ীরা আরও চাপের মুখে পড়বে। শুল্ক বাড়লে তো স্বাভাবিকভাবে পণ্যের দামও বেড়ে যাবে তখন কেনাবেচা আরও কমে যাবে। আর মানুষ কিনবেই বা কি দিয়ে তাদের হাতে তো আর টাকা নেই। টাকা আছে বড় বড় ব্যবসায়ী, আমলাদের কাছে। তারা সরকারের কাছ থেকে নানা সুবিধাও পেয়ে থাকে। তিনি বলেন, বৈধ আমদানিকারকরা লাগেজ ব্যবসায়ীদের কারণে এমনিতেই চাপে আছে। লাগেজ ব্যবসায়ীরা কম শুল্ক দিয়ে বিদেশি পণ্য আনেন। আর বৈধ আমদানিকারকরা পুরো শুল্ক পরিশোধ করে পণ্য আমদানি করেন। এখন অতিরিক্ত ১৭ শতাংশ শুল্কের কারণে লাগেজে বিদেশি আমদানি বেড়ে যাবে। যারা বৈধ পথে আমদানি করে তারা আরও চাপে পড়ে যাবে।
কুইন পার্লার অ্যান্ড স্পা সেন্টারের কর্ণধার আতিয়া মনির বলেন, ডলার সংকটের কারণে ব্যাংকগুলো এলসি খুলছে না। যার ফলে এখন অনেক প্রসাধনীই দেশের বাজারে পাওয়া যাচ্ছে না। যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো বেশি দামে কিনতে হচ্ছে। আমরা চেষ্টা করছি আগের মূল্যেই ক্রেতাদের সেবা দিতে। তারপরও কিছু সেবার মূল্য বাধ্য হয়েই বাড়াতে হচ্ছে। এতে আমাদের ক্রেতাও কমে যাচ্ছে। যারা আসছে তারাও তুলনামূলকভাবে কম সাজগোজ করছেন। এখন নতুন করে যদি শুল্ক বাড়ানো হয় তা হলে পণ্যের দাম আরও বেড়ে যাবে। আমরা ক্ষতিগ্রস্ত হব।
বিয়েতে ব্যবহৃত পোশাক, গহনা, প্রসাধনী, জুতা, স্যান্ডেলসহ অন্যান্য পণ্যের দাম বাড়ার সঙ্গে বিয়ের খাবার খরচও বেড়েছে। কারণ পোলাও চাল, ভোজ্য তেল, ঘি, পেঁয়াজ, রসুন, আদা, গরু, মুরগি এবং সব ধরনের মিষ্টির দামও বেশি। বিয়ের দাওয়াত কার্ড আগের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। গাড়ি ভাড়া এবং ফুলের দাম থেকে শুরু করে আলোকসজ্জার খরচও বেড়েছে।
কনে সাজের অন্যতম উপাদান গহনা। আর গহনার উপকরণ স্বর্ণের দামও আকাশচুম্বী। বর্তমানে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৮ হাজার ৪৪৪ টাকা।
মূল্যবান এই ধাতুর দাম বেড়েই চলছে। ২০১৯ সালে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল প্রতি ভরি ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা। আর ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ৬০ হাজার ৩৬১ টাকা। এরপর থেকেই ধারাবাহিকভাবে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়তে থাকে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য মতে, ২০০০ সালের দিকে স্বর্ণের দাম ভরিতে ছিল ৬ হাজার ৯০৬ টাকা। ২০১০ সালে ৪২ হাজার ১৬৫ টাকায় ঠেকে।
অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন (বিধিমালা), ২০০৯’ সংশোধন করে বিয়ে নিবন্ধন ও তালাকের ফি বাড়ানো হয়েছে। এখন একজন নিকাহ রেজিস্ট্রারকে ৫ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি ১ হাজার টাকা দেনমোহর বা এর অংশবিশেষের জন্য ১৪ টাকা হারে বিবাহ নিবন্ধন ফি দিতে হবে। আগে ৪ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে ১২ টাকা ৫০ পয়সা হারে রেজিস্ট্রার বা কাজিকে ফি দিতে হতো।
বর্তমানে দেনমোহরের পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে পরের প্রতি লাখের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। তবে দেনমোহরের পরিমাণ যাই হোক না কেন ২০০ টাকার কম ফি দেওয়া যাবে না।
রাজস্ব আদায় বাড়াতে বিয়ের ওপর কর আদায়ের পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি)। সিটি করপোরেশন আদর্শ কর তফসিল ২০১৬-এর ১৫২ ধারায় বলা হয়েছে, ‘প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য বরকে ১০০ টাকা কর দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে ৫ হাজার টাকা এবং প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা কর দিতে হবে।’
তফসিল অনুযায়ী, একই ধারায় চতুর্থ বিয়ের জন্য বরকে ৫০ হাজার টাকা দিতে হবে। স্ত্রী মানসিক ভারসাম্যহীন হলে বা সন্তানহীন হলে এ নিয়ম প্রযোজ্য হবে না। সে ক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য বরকে ২০০ টাকা কর দিতে হবে।

 

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।