খুঁজুন
, ,

২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের যত খেলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 15 June, 2023, 12:25 pm
২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের যত খেলা

চলতি বছরের প্রায় পুরোটা সময় জুড়েই ব্যস্ত ক্রিকেট সূচি রয়েছে বাংলাদেশ দলের। দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও চলতি বছরই ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১৪ জুন) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে আইসিসি। একই সঙ্গে ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুসারে দলগুলোর দ্বিপাক্ষিক সিরিজের তালিকাও দেওয়া হয়েছে।
এফটিপি অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত বেশ কিছু সিরিজ খেলবে লাল-সবুজ শিবির। চলতি বছরের মতো আগামী বছরও থাকছে টাইগারদের ক্রিকেটীয় ব্যস্ততা। তবে ২০২৫ সালে কিছুটা বিরতিতেই খেলবে চণ্ডিকা হাথুরুসিংহের দল।

সূচি অনুসারে, ২০২৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে কোনো সিরিজ নেই তামিম-সাকিবদের। তবে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে একাধিক সিরিজ।

এফটিপি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের সম্ভাব্য সিরিজ :

সেপ্টেম্বর ২০২৩ : এশিয়া কাপের স্লট

সেপ্টেম্বর ২০২৩ : হোম ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

অক্টোবর-নভেম্বর ২০২৩ : ওয়ানডে বিশ্বকাপের স্লট

নভেম্বর ২০২৩ : হোম ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ

ডিসেম্বর ২০২৩ : নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি

ফেব্রুয়ারি-মার্চ ২০২৪ : শ্রীলঙ্কার বিপক্ষে হোম ভেন্যুতে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

এপ্রিল ২০২৪ : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে

জুন ২০২৪ : টি-টোয়েন্টি বিশ্বকাপের স্লট

জুলাই ২০২৪ : আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি

আগস্ট ২০২৪ : পাকিস্তান সফরে দুটি টেস্ট

সেপ্টেম্বর ২০২৪ : ভারত সফরে দুটি টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে

অক্টোবর ২০২৪ : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট

নভেম্বর-ডিসেম্বর ২০২৪ : ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি

ফেব্রুয়ারি-মার্চ ২০২৫ : পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি

মার্চ ২০২৫ : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

মে ২০২৫ : পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

জুন-জুলাই ২০২৫ : শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

আগস্ট ২০২৫ : ঘরের মাঠে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।

সেপ্টেম্বর ২০২৫ : এশিয়া কাপের স্লট

অক্টোবর ২০২৫ : ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

নভেম্বর-ডিসেম্বর ২০২৫ : আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।