খুঁজুন
, ,

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ থেকেই সরকারের পতন তরান্বিত হবে- শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 12 June, 2023, 1:48 pm
চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ থেকেই সরকারের পতন তরান্বিত হবে- শামীম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আগামী নির্বাচন নিয়ে সরকার আবার নতুন চক্রান্ত শুরু করেছে। তারা শুধু নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেনি, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকেও ধ্বংস করে দিয়েছে। সরকার বিদ্যুৎ নিয়ে যে ঢাকঢোল পিটিয়েছে, সেটা এখন কোথায়? আজ সারাদেশ অন্ধকারে নিমজ্জিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আন্দোলন করছে। এতেই সরকার আতঙ্কিত হয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু যতই চক্রান্তের জাল ফেলা হোক না কেন, এই অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না। মামলা দিয়ে, সাজা দিয়ে, চক্রান্ত করে জনগণকে দাবিয়ে রাখা যাবে না। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে আওয়ামী লীগকে বিদায় নিতে হবেই। আগামী বুধবার চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ থেকেই সরকারের পতন তরান্বিত হবে।

তিনি সোমবার (১২ জুন) বিকালে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আগামী ১৪ জুন বুধবার চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন চরম সংকটে পতিত হয়েছে। এ সংকট থেকে উদ্ধার করতে হলে অবৈধ ফ্যাসিষ্ট সরকারকে পতন করতে হবে। স্বৈরাচার এরশাদের পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এ সরকারেরও পতন হবে তারুন্যের সমাবেশের মধ্যদিয়ে। আগামী ১৪ জুন দেশ বাঁচাতে তারুন্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ থেকে যে জন জোয়ার উঠবে, সে জোয়ারে আওয়ামী সরকার ভেসে যাবে। তিনি আগামী দিনের সরকার পতনের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ শিকারের প্রস্তুতি নিতে নেতৃবৃন্দকে আহবান জানান।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই। তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে গিয়েই তাদের আজ এ অবস্থা। বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমস্ত রাষ্ট্রযন্ত্র তারা দলীয়ভাবে নিয়ন্ত্রণ করছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে রাজনৈতিক মামলা হয়। কিন্তু এই ফ্যাসিবাদী সরকার সেই কল্পনাকেও হার মানিয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সি. যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম চৌধুরী শপথ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, নূরুল আনোয়ার, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, আব্দুল গাফ্ফার চৌধুরী, আজিজুল হক চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম, নূরুল ইসলাম সওদাগর, ভিপি মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, আমিনুর রহমান চৌধুরী, নবাব মিয়া, ইসহাক চৌধুরী, অধ্যাপক এহসানুল মাওলা, নূরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. জসিম উদ্দিন, এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরী, শফিকুল ইসলাম শফিক চেয়ারম্যান, লোকমান হোসেন মানিক, শওকত আলম, জেলা যুবদলের সভাপতি মো. শাহজান, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, সদস্য সচিব জমির উদ্দিন মানিক, জেলা যুবদলের সি. যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব লোকমান আহমেদ মাস্টার, গাজী আবু তাহের, মো. উসমান, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আবু চেয়ারম্যান, তৌহিদুল আলম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, জাসাস আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, উলমা দলের মো. করিম, কৃষকদলের সালাউদ্দীন সুমন প্রমূখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।