খুঁজুন
, ,

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের প্রথম কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 11 June, 2023, 10:14 am
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের প্রথম কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু

চট্টগ্রামে সর্বপ্রথম কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু করেছে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। ১১ জুন, ২০২৩ তারিখ, রবিবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্যান্সার সেন্টারটির উদ্বোধন করা হয়েছে।

কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারটি নিঃসন্দেহে চট্টগ্রামবাসীর জন্য অভাবনীয় এক উপহার। রোগীরা এখানে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, হেমাটোলজি, পেইন-পেলিয়্যাটিভ কেয়ার ইত্যাদি সেবা পাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ইসমাইল খান; সিএমসিএইচ-এর পরিচালক ব্রি. জে. মো: শামীম আহসান; এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ এর এমডি ও সিইও ডা. রত্নদ্বীপ চাস্কার; এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ এর হেমাটোলজি ও বিএমটি সেন্টারের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ; এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ এর মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ; এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিওও সামীর সিং; মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ; এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. দীপক সিং প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান বলেন, “আমি খুবই আনন্দিত যে, দেশে ক্যান্সার রোগীদের সেবা নিশ্চিতে এভারকেয়ার হসপিটাল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। রোগীর সেবা প্রদানে তিনটি ট্রান্সফর্মেশন রয়েছে। প্রথমত, সাইকোলজিকাল ট্রান্সফর্মেশন, দ্বিতীয়ত কনভিকশনাল ট্রান্সফর্মেশন এবং তৃতীয়ত বিহেবিয়ারাল পার্সপেকটিভ। এই তিনটি ট্রান্সফর্মেশন নিশ্চিতের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল ক্যান্সার রোগীদের সর্বোচ্চ সেবা করে যাচ্ছে।”

এভারকেয়ার হসপিটালের এমডি ও সিইও ডা. রত্নদ্বীপ চাস্কার বলেন, “এভারকেয়ার গ্রুপ এবং আমাদের টিম বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে রূপান্তর করতে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করছে। আমরা বছরের পর বছর ঢাকায় ক্যান্সার রোগীদের বিশ্বমানের চিকিৎসা প্রদান দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামবাসীর জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতির অংশ হিসেবে, চট্টগ্রামে প্রথম ও একমাত্র কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু করতে পেরে আমরা আনন্দিত। এটি চট্টগ্রামের স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন আনবে বলে আমার বিশ্বাস।”

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিওও সামীর সিং বলেন, “এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বরাবরই এই অঞ্চলের মানুষদের জন্য উদ্ভাবনী ও বিশ্বমানের নতুন নতুন সুবিধা নিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায়, অত্যাধুনিক এই সেন্টারের উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত। ক্যান্সার শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সংকট ও ঘাটতিগুলো সামনে উঠে আসছে। ক্যান্সারের সুচিকিৎসা নিশ্চিতে দেশব্যাপি অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার এখনই সময়।”

ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, “চট্টগ্রামের স্বাস্থ্যখাতে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম যুগান্তকারী পরিবর্তন এনেছে। নগরীর প্রথম ও একমাত্র হাসপাতাল হিসেবে আমরা অত্যাধুনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সুবিধা বাস্তবায়নে বিনিয়োগ করেছি। নতুন কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারের মাধ্যমে বিএমটি পরিষেবা সকলের জন্য সহজলভ্য করে তোলা সম্ভব হবে এবং উন্নত চিকিৎসার সন্ধানে আর বিদেশ যাওয়ার প্রয়োজন হবে না।”

প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ বলেন, “প্রাথমিক পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক সরঞ্জাম ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে অধিকাংশ ক্ষেত্রেই সম্পূর্ণরূপে ক্যান্সার নিরাময় সম্ভব। এর সবই এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারে পাওয়া যাবে। এটি নিঃসন্দেহে চট্টগ্রামবাসীর জন্য একটি অভাবনীয় উপহার।”

অ্যাপয়েন্টমেন্ট এবং জরুরি সেবার জন্য যোগাযোগ করুন আমাদের হটলাইন ১০৬৬৩ নম্বরে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।