খুঁজুন
, ,

টানা ৬ষ্ঠ বারের মতো সভাপতি হলেন শিল্পপতি খলিলুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 11 June, 2023, 8:37 am
টানা ৬ষ্ঠ বারের মতো সভাপতি হলেন শিল্পপতি খলিলুর রহমান

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (সিএমসিসিআই) ২০২৩-২৫ মেয়াদে পুনরায় সভাপতি হলেন বিশিষ্ট শিল্পপতি কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। এ নিয়ে তিনি টানা ৬ষ্ঠ বারের মতো মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন।

গতকাল (শনিবার) দুপুরে সিএমসিসিআই মিলনায়তনে ২০২৩-২৫ মেয়াদের জন্য সিএমসিসিআই ইলেকশান বোর্ডের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৩ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্য থেকে তফসিল মোতাবেক ৮ জন অফিস বিয়ারা নির্বাচিত হন। যেখানে কেডিএস লজিস্টিকস লিমিটেডের খলিলুর রহমান সভাপতি এবং ১ম সহ-সভাপতি হলেন নামরীন এন্টারপ্রাইজ লিমিটেডের শওকত আলী চৌধুরী। এছাড়া পাঁচজন সহ-সভাপতি হলেন- দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম. এম. মালেক, এস. আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের সাইফুল আলম মাসুদ, আরাফাত ফ্যাশন গার্মেন্টস্ধসঢ়; লিমিটেডের এ.এম. মাহবুব চৌধুরী ও মীর পাল্প এন্ড পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোহাম্মদ আব্দুস সালাম। এ মেয়াদে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এস. আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের আব্দুস সামাদ লাবু।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মুসা সিকদার, সদস্য অধ্যক্ষ আবু তৈয়ব, সদস্য সহকারী অধ্যক্ষ মিসেস হাসিনা খানম এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সরওয়ার জাহান ও সদস্য অধ্যক্ষ মিসবাহুর রহমানের উপস্থিতিতে নির্বাচন কমিশনার নবনির্বাচিত ৪৩জন পরিচালকের নাম ঘোষণা করেন। তাঁরা হলেন- খলিলুর রহমান, শওকত আলী চৌধুরী, সাইফুল আলম মাসুদ, এ.এম. মাহবুব চৌধুরী, এম.এ. মালেক, মোহাম্মদ আব্দুস সালাম, জসিম উদ্দিন চৌধুরী, আব্দুস সামাদ লাবু, মো. সাহাবউদ্দিন আলম, আবুল বাশার চৌধুরী, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, শফিক উদ্দিন, আবুল কালাম, ডা. মহসিন জিল্লুর করিম, সেলিম রহমান, ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ নূরুল আবছার, মো. ফেরদৌস ওয়াহিদ, প্রফেসর আহসানুল আলম পারভেজ, এস.এম. শামীম ইকবাল, এইচ.এম. হাকিম আলী, নাদের খান, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ নূরুল ইসলাম, লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ এনামুল হক, ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন, হাজি এম.এ. মালেক, এস.এম. আব্দুল হাই, সৈয়দ মোহাম্মদ আবু তাহের, আলহাজ মোহাম্মদ শফি, আবু সাঈদ চৌধুরী, ডব্লিউ.আর.আই মাহমুদ রাসেল, মোহাম্মদ মহসিন, মিসেস সুলতানা শিরিন আক্তার, মোহাম্মদ দিদারুল আলম, আমির আলীহোসেন, আহমেদুল হক, এম. সোলায়মান, এফসিএমএ, সৈয়দ নজরুল ইসলাম, অজিত কুমার দাশ, বোরহানুল এইচ চৌধুরী।

নির্বাচন বোর্ডের পক্ষে অধ্যক্ষ মুসা সিকদার নবনির্বাচিত পরিচালক ও অফিস বিয়ারারদের অভিনন্দন জানান এবং নির্বাচন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমান উপস্থিত পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পুনরায় তাকে সভাপতি নির্বাচিত করায় ধন্যবাদ জানিয়ে পূর্বের ন্যায় সহযোগিতা করার আহ্বান জানান। আগামীতে সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রামের ব্যবসায়ীদের স্বার্থে মেট্রোপলিটন চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।