খুঁজুন
, ,

শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশে স্মার্ট পরিবেশ ধ্বংসকারীদের কোনো স্থান নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 June, 2023, 2:39 pm
শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশে স্মার্ট পরিবেশ ধ্বংসকারীদের কোনো স্থান নেই

বাংলাদেশ আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রার পথ ধরে সমৃদ্ধির পথে। আজ বাংলাদেশ পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রসমূহের কাছে অনুসরণীয় ও অনুকরণীয়। মাথা উঁচু করে দাঁড়িয়েছে আজ পিছিয়ে পড়া ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত। এখন বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগোচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ’৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। স্মার্ট বাংলাদেশে পরিবেশ সুরক্ষার বিকল্প নেই। তাই শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশে স্মার্ট পরিবেশ ধ্বংসকারীদের কোনো স্থান নেই। বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার উপরোক্ত মন্তব্য করেন।
জাতীয় গণমাধ্যম দৈনিক স্বদেশ বিচিত্রা, দৈনিক যায়যায়কাল ও দৈনিক আনন্দ বার্তা’র আয়োজনে গত ৬ জুন, বিকাল ৪টায়, বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে “চট্টগ্রামের পরিবেশ সুরক্ষায় : পাহাড় কাটা, নদী ভরাট, নদী দখল, পলিথিনের অবাধ ব্যবহার ও কৃষিজমি নিধন রোধে আইনের প্রয়োগ ও নাগরিক সচেতনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফেরদৌস আনোয়ার, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুর হোসাইন, দৈনিক পূর্বদেশ’র সহসম্পাদক ও পরিবেশবাদী সাংবাদিক মো. শফিকুল ইসলাম খান, গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য রওশন আরা বেগম রতœা।
বিশিষ্ট পুষ্টিবিদ, পরিবেশ সংগঠক ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক এম এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ সাংবাদিক-সংগঠক ও দৈনিক স্বদেশ বিচিত্রার বিশেষ প্রতিনিধি স ম জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়কাল’র সহসম্পাদক মো. সেলিম উদ্দিন। দৈনিক আনন্দবার্তার বার্তা সম্পাদক মো. সাইফুল ইসলাম ও আবৃত্তিশিল্পী সাবরিনা আফরোজার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থার চেয়ারম্যান আ স ম আক্তার হোসেন, এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদ রানা, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. হাসান মুরাদ, জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. লোকমান চৌধুরী, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রসংসদের ক্রীড়া সম্পাদক মো. সাদ্দাম হোসেন, জাতীয় শ্রমিক লীগ আকবরশাহ থানা শাখার সভাপতি রবিউল ইসলাম জাহাঙ্গীর, বিশিষ্ট সমাজসেবী আলহাজ মো. ওসমান গণি, বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক টুম্পা দাশ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, রাজিয়া সুলতানা, জয়নাব বিবি, ইয়াকুব খান, মো. সিরাজুল হক, মো. আবদুল মন্নান রানা, মোহাম্মদ হোসেন মধু, মো. আবু বকর ছিদ্দিক, অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পরিবেশবান্ধব ব্যক্তিত্ব, তাঁরই সুযোগ্যকন্যা শেখ হাসিনাও পিতার মতো পরিবেশবান্ধব। পরিবেশ সুরক্ষায় পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে। রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা নিয়ে যে সকল জনপ্রতিনিধি ও ব্যক্তিরা পরিবেশ ধ্বংসে লিপ্ত হবে এবং পাহাড়খেকো নদী-দখলকারী হিসেবে চিহ্নিত হবেন, তাদের আইনের ফাঁকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের নান্দনিক পরিবেশ বিনষ্ট করে যারা পরিবেশ ধ্বংসযজ্ঞে জড়িত, তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং পরিবেশ ধ্বংসকারীদের হাত থেকে চট্টগ্রামের পরিবেশ সুরক্ষা করতে হবে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।