খুঁজুন
, ,

সিঙ্গাপুরে গোপন বৈঠকে ২৪ দেশের গোয়েন্দা প্রধানরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 4 June, 2023, 6:14 pm
সিঙ্গাপুরে গোপন বৈঠকে ২৪ দেশের গোয়েন্দা প্রধানরা
বিশ্বের প্রায় ২৪টি দেশের গোয়েন্দা প্রধানরা সিঙ্গাপুরে একটি গোপন বৈঠক করেছেন। দেশটিতে এশিয়ার প্রতিরক্ষা প্রধানদের শাংরি-লা ডায়ালগ শীর্ষক বৈঠকের আগে গোয়েন্দা প্রধানদের এ বৈঠক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচটি সূত্রের বরাতে রোববার এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

এতে বলা হয়, শাংরি-লা বৈঠক ২ জুন থেকে ৪ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। এর মাঝেই শনিবার আলাদা একটি ভেন্যুতে বিশ্বের গোয়েন্দা প্রধানদের ওই বৈঠকের আয়োজন করে সিঙ্গাপুর সরকার। তবে এ বৈঠকের কথা গণমাধ্যমে প্রকাশিত হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনটেলিজেন্সের পরিচালক এভ্রিল হেইন্স। এছাড়া এ বৈঠকে চীনের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। যদিও বিশ্বের শক্তিধর এ দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিরোধ রয়েছে।

ভারতীয় একটি সূত্র রয়টার্সকে জানায়, বৈঠকে তাদের দেশের প্রতিনিধিত্ব করেন ভারতের বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহকারী সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের পরিচালক সামান্ত গোয়েল। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি সূত্র রয়টার্সকে জানায়, আন্তর্জাতিক গোপন এজেন্ডাবিষয়ক এ বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল। আনুষ্ঠানিক আলোচনার সময় গোয়েন্দারা কিছু গোপন কোড ব্যবহার করে, যা অনানুষ্ঠানিক বৈঠকে ব্যবহার হয় না। এই কোডের উন্নয়নে সিঙ্গাপুরের এ বৈঠকটি সহায়তা করবে। সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বৈঠকে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অন্য অংশগ্রহণকারীরা তাদের প্রতিপক্ষের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। অংশগ্রহণকারীরা এতে উপকৃত হয়েছেন। এদিকে সিঙ্গাপুরের মার্কিন দূতাবাস জানিয়েছে, এ বৈঠক নিয়ে তাদের কাছে তথ্য নেই। এ নিয়ে ভারত ও চীন সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

একটি সূত্র রয়টার্সকে জানায়, এ বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি ছিল না, তবে এতে উপস্থিত ছিলেন ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী ভলোদিমার ভি হ্যাভরিলভ। আরেকটি সূত্র জানিয়েছে, বৈঠকে উপস্থিত গোয়েন্দা প্রধানরা একে অন্যকে সহায়তার কথা বলেছেন। এদিকে শাংরি-লা শীর্ষক বৈঠকে অংশ নিয়েছেন বিশ্বের ৪৯টি দেশের ৬০০ প্রতিনিধি। এ বৈঠকে মূল বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। এছাড়া মার্কিং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফুও এতে উপস্থিত ছিলেন।

এছাড়া জাপান, কানাডা, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাও এতে বক্তব্য রাখেন। মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস গত মাসে চীন সফর করেন। মার্কিন প্রশাসন চাইছে, চীনের সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি করতে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।