খুঁজুন
, ,

নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে ভালই ভালই কেটে পড়েন-শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 4 June, 2023, 2:27 pm
নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে ভালই ভালই কেটে পড়েন-শামীম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আগামী নির্বাচন সামনে রেখে সরকার ভয়াবহ পরিকল্পনা করছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করছে। রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতা আঁকড়ে ধরে আছে। প্রতিপক্ষকে ঘায়েল করতে নোংরা ষড়যন্ত্র করছে। মামলা মোকদ্দমার মাধ্যমে বিরোধী দলের নেতাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এসব করে আন্দোলন বন্ধ করা যাবে না। এখনো সময় আছে, এই সব ষড়যন্ত্র বাদ দিয়ে অত্যাচারের পথ থেকে সরে এসে সোজা পথ ধরেন। একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ভালই ভালই কেটে পড়েন।

তিনি রবিবার (৪ জুন) বিকালে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য অ্যাড. কবির চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম, জেলা বিএনপি’র সদস্য মোজাফফর আহমেদ চৌধুরী টিপুসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটিতে এনামুল হক এনাম সি.যুগ্ম আহবায়ক হিসাবে সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। তাছাড়া জেলা বিএনপির সদস্য রাজনৈতিক মিথ্যা মামলায় কারাবন্দি জামাল হোসেনসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবী করা হয়।

এসময় মাহবুবের রহমান শামীম বলেন, এই দেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হওয়ার সুযোগ, বিরোধী দলের রাজনীতি করার, জনগণের ভোট দেওয়ার অধিকার, সাংবাদিকদের লেখার অধিকার কোথাও নেই। তাই আমরা পরিষ্কার করে বলতে চাই, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার যে আন্দোলন শুরু হয়েছে, ফ্যাসিবাদকে পরাজিত করার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে কোনো মামলা মোকদ্দমা, সাজা দিয়ে বন্ধ করা যাবে না। জনগণ জেগে উঠেছে এবং জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরে যেতে হবে। খুব পরিষ্কার করে বলতে চাই, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে এই দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ভয় ত্রাস সৃষ্টি করে নির্বাচনী বৈতরণি পার হওয়ার চেষ্টা জনগণ এবার রুখে দেবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র আজ নির্বাসনে। বিচার ব্যবস্থাও ধ্বংস করেছে আওয়ামীলীগ। আওয়ামী এই দুঃশাস‌ন থে‌কে মু‌ক্তি পে‌তে সবাইকে এ‌গি‌য়ে আস‌তে হ‌বে। আগামী ১১ জুন চট্টগ্রামে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশকে সফল করতে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এই স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সি. যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইদ্রিস মিয়া চেয়ারম্যান, অ্যাড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, মোশারফ হোসেন, নূরুল আনোয়ার, অ্যাড. এস এম ফোরকান, বদরুল খায়ের চৌধুরী, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, এস এম মামুন মিয়া, কামরুল ইসলাম হোসাইনী, নাজমুল মোস্তফা আমিন, অ্যাড. নূরুল ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, আবুল কালাম আবু, সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু মো. নিপার, অ্যাড. ফৌজুল আমিন চৌধুরী, খোরশেদ আলম, নূরুল ইসলাম সওদাগর, ভিপি মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির আনসার, আমিনুর রহমান চৌধুরী, হাজী মো. রফিক, নবাব মিয়া, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, অধ্যাপক এহসানুল মাওলা, নূরুল কবির, মঈনুল আলম ছোটন, জিয়া উদ্দিন আশফাক, সাজ্জাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, অ্যাড. কাশেম চৌধুরী, মো. জসিম উদ্দিন, এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরী, চন্দ্র গুপ্ত বড়ুয়া প্রমূখ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।