খুঁজুন
, ,

‘জনসংখ্যা কম, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রয়োজন’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 May, 2023, 1:26 pm
‘জনসংখ্যা কম, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রয়োজন’

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর অমিত চাকমা বলেছেন, অস্ট্রেলিয়ার মোট আয়তনের এক তৃতীয়াংশ হলো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এখানকার শিক্ষা ব্যবস্থা খুবই উন্নতমানের।
কিন্তু জনসংখ্যা কম থাকায় বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থী প্রয়োজন। অস্ট্রেলিয়ান সরকার শিক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগ করছে।
এই বিনিয়োগ ফলপ্রসূ করতে বাংলাদেশের শিক্ষা খাত সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ বাড়াতে চট্টগ্রামে এসেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান প্রতিনিধিদল।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১০ সদস্যের একটি প্রতিনিধিদল চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে মঙ্গলবার (৩০ মে) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর অমিত চাকমা, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কমিশনার মিস নাশিদ চৌধুরী, ইন্টারন্যাশনাল এডুকেশন ডিরেক্টর রোবি রব, চেম্বার পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ডা. মুনাল মাহবুব, অস্ট্রেলিয়ান দূতাবাসের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, মেনটরসের ম্যানেজিং পার্টনার মানজুমা মোরশেদ, বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ নুরুজ্জামান, প্রতিনিধিদলের সদস্যরা বক্তব্য দেন।

মাহবুবুল আলম বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বন্দরনগরী চট্টগ্রামেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কিন্তু আমাদের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশের সহায়তা প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বিভিন্ন সেক্টরে বৃত্তির মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করার আহবান জানাই আমরা।

দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিক ও সমৃদ্ধি করতে দু’দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কমিশনার মিস নাশিদ চৌধুরী বলেন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জনসংখ্যা ২ দশমিক ৫ মিলিয়ন। এখানকার অর্থনীতির আকার প্রায় ৪০ বিলিয়ন ডলার। অস্ট্রেলিয়ান সরকার সবসময় কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশ থেকে প্রতিবছর বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। এজন্য বিশ্ববিদ্যালয়ভেদে বাংলাদেশি শিক্ষার্থীদের বার্ষিক ৫০ হাজার ডলার বৃত্তি দেওয়া হচ্ছে। তাই অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থী বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সফর করছে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদল।

সভায় চেম্বার পরিচালক মো. ওমর ফারুক, মো. ইফতেখার ফয়সাল, এসএম তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), লুব-রেফের পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।